• ই-পেপার

ঢাবির বাজেট পেশ : অর্ধেকের বেশি বরাদ্দ বেতন-ভাতায়, গবেষণায় ২.০৩ শতাংশ

৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তনের অনুমোদন

অনলাইন ডেস্ক
৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তনের অনুমোদন

চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে সরকার। রবিবার (২৮ জুন) এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, বরিশাল অঞ্চলের অন্তর্ভুক্ত পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম হবে শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর। একই সঙ্গে ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা।

আরেকটি পৃথক প্রজ্ঞাপনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ রাখার অনুমতি দেওয়া হয়েছে।

একই দিনে জারি করা আরো একটি পৃথক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদীর আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে আয়েশা ছিদ্দিক মডেল কলেজ রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট বেসরকারি কলেজগুলোর নাম পরিবর্তনের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হয়েছে।

চুরির অভিযোগে উপড়ে ফেলা হলো তরুণের দুই চোখ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
চুরির অভিযোগে উপড়ে ফেলা হলো তরুণের দুই চোখ
সংগৃহীত ছবি

সিলেটের গোয়াইনঘাটে চুরির অভিযোগ তুলে খালেদ আহমদ (২০) নামের এক তরুণের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। রবিবার (২৮ জুন) বিকেলে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। খালেদ উপজেলার লাকী গ্রামের সোনাই মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে তোয়াকুল বাজারে যান খালেদ। সে সময় নৌকা চুরির অভিযোগ এনে তোয়াকুল ইউনিয়নের শাহপুর গ্রামের আহমদ আলীর ছেলে মোস্তাক আহমদ, তোতা মিয়ার ছেলে পছাই মিয়া, ময়না মিয়ার ছেলে সেলিম মিয়াসহ কয়েকজন সংঘবদ্ধভাবে তাকে অপহরণ করে শাহপুর গ্রামের মোস্তাক আহমদের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে বেধড়ক মারপিট করা হয়। এক পর্যায়ে হামলাকারীরা খালেদের দুই চোখ উপড়ে ফেলে। পরে আশঙ্কাজনক অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে খবর পেয়ে তার মা কুটনা বেগম হাসপাতালে আসেন।

তোয়াকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য লোকমান আহমদ বলেন, ‘খালেদকে তোয়াকুল বাজার থেকে শাহপুর গ্রামের মোস্তাকের নেতৃত্বে অপহরণ করা হয়। খবর পেয়ে তাকে ফোন দিয়ে খালেদকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু তারা তা শুনেনি।’

তোয়াকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ লোকমান বলেন, ‘খালেদ আহমদকে রবিবার বিকেলে তোয়াকুল বাজার থেকে শাহপুর গ্রামের কয়েকজন মিলে অপহরণ করে। সে সময় স্থানীয় মেম্বার লোকমান আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে তাকে উদ্ধার করতে বলি। কিন্তু দুর্বৃত্তরা মেম্বারের কথা শোনেনি। পুলিশে না দিয়ে তাকে বেধড়ক মারপিট করে তারা।’

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
 

গবেষণা সহযোগিতা জোরদারে ঢাবি ও চীনের কিলু ইউনিভার্সিটির বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
গবেষণা সহযোগিতা জোরদারে ঢাবি ও চীনের কিলু ইউনিভার্সিটির বৈঠক
ছবি : কালের কণ্ঠ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং চীনের কিলু ইউনিভার্সিটি অব টেকনোলজির মধ্যে গবেষণা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) ঢাবি উপাচার্যের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। এতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব এবং সহযোগী অধ্যাপক ড. এ কে এম নূর আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন। অন্যদিকে, কিলু ইউনিভার্সিটি অফ টেকনোলজির পক্ষে নেতৃত্ব দেন অধ্যাপক ওয়াং শিয়াও এবং অধ্যাপক ওয়েই লিউসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা।

বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরো গতিশীল এবং জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় এবং বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রমের সার্বিক উন্নয়নে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।

বৃক্ষরোপণের মাধ্যমে জাককানইবিতে গবেষণা সপ্তাহ উদ্বোধন

জাককানইবি প্রতিনিধি
বৃক্ষরোপণের মাধ্যমে জাককানইবিতে গবেষণা সপ্তাহ উদ্বোধন
ছবি : কালের কণ্ঠ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বৃক্ষরোপণের মধ্য দিয়ে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ আয়োজনে নতুন কলা ভবনের ষষ্ঠ তলার সম্মেলনকক্ষে কেক কেটে গবেষণা সপ্তাহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। একই সঙ্গে দুটি প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের অন্যতম প্রধান সূচক। শিক্ষক-শিক্ষার্থী সবাইকে গবেষণায় মনোযোগী হতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সৃজনশীলতা ও নতুন নতুন উদ্ভাবনের বিকল্প নেই। গবেষণায় অগ্রগতি হলে ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ ও দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেন।

গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘Pathways to Higher Studies Abroad: Strategies Securing Scholarships and Research Opportunities’ শীর্ষক প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রায়হান হাবিব। এ ছাড়া ‘গুণগত তথ্য বিশ্লেষণ সফটওয়্যার’ বিষয়ক প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক ড. মো. সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য নতুন কলা ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন।

এদিকে একই দিনে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি আয়োজিত ‘Inspiring Innovation in Curriculum Design and Bangladesh Accreditation Council (BAC) Compliance’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পুরোনো প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেন।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহীদ রেজা। এছাড়া আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা এবং ড. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।