সাংস্কৃতিক জগতে প্রতিবন্ধী শিল্পীদের পেশাদার কর্মসংস্থান নিশ্চিত করার দাবিকে সামনে রেখে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের (ডিসিএফ) আয়োজনে তরুণ-নেতৃত্বাধীন শিফট ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
ডিসিএফের নির্বাহী পরিচালক নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এছাড়া উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের চেয়ারম্যান প্রিয়াঙ্কা গোপ, যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক তাওহিদা জাহান, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের সভাপতি এবং চলচ্চিত্র সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলফেছানী বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে এবং সংগীত, চারুকলা ও নৃত্যকলার বিভাগগুলোতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি ও প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করে তাদের পেশাদার ক্যারিয়ার গড়ার পথ তৈরি করতে হবে।
সভাপতির বক্তব্যে নাসরিন জাহান বলেন, প্রতিবন্ধী শিল্পীরা কেবল অনুপ্রেরণার গল্প হয়ে থাকুন এটা আমরা চাই না, তাঁরা টেলিভিশনে নিয়মিত কাজ পান, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে চাকরি পান এবং মঞ্চে পারিশ্রমিক পান— একজন পেশাদার শিল্পী হিসেবে, সমান মর্যাদায়।
শিফট ক্যাম্পেইনের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপনায় সৈয়দ জাবির হোসেন বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক জগৎ একটি বিশাল কর্মক্ষেত্র হলেও প্রতিবন্ধী শিল্পীরা এখান থেকে পদ্ধতিগতভাবে বাদ পড়ে আছেন। তিনি সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমিতে প্রতিবন্ধী শিল্পীদের জন্য নির্ধারিত কোটা ও বৃত্তি চালু, টেলিভিশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে তাদের পারিশ্রমিকসহ কাজের সুযোগ, সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের বাধ্যতামূলক অংশগ্রহণ এবং মিডিয়ায় পেশাদার শিল্পী হিসেবে উপস্থাপনের দাবি জানান।
অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, পল্লীগীতি, আধুনিক গান, লোকসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যসহ মোট ২৪টি পরিবেশনা উপস্থাপন করা হয়। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী এবং বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ শিল্পীরা একই মঞ্চে তা পরিবেশন করেন।







