• ই-পেপার

মাদরাসা শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গঠনের কার্যকর পথ

আধুনিক দক্ষতা, ভাষাজ্ঞান, প্রযুক্তি শিক্ষা এবং ইসলামী মূল্যবোধের সমন্বয়

জকসুর উদ্যোগে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার আয়োজন

জবি প্রতিনিধি
জকসুর উদ্যোগে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার আয়োজন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবল উৎসবের আমেজ ছড়িয়ে দিতে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ দেখার আয়োজন করেছে জকসু। ছবি : কালের কণ্ঠ।

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবল উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নানা আয়োজন হাতে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। এই আয়োজনের প্রধান স্পন্সর হিসেবে সহযোগিতা করছে X Force Group।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরাসরি উপভোগের জন্য ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে জায়ান্ট এলইডি স্ক্রিন। এর মাধ্যমে শিক্ষার্থীরা একসঙ্গে প্রিয় দলের খেলা উপভোগ করার পাশাপাশি বিশ্বকাপের বৈশ্বিক উৎসবের অংশ হতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, বিনোদন ও ফুটবলপ্রেমকে আরও উজ্জীবিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপ চলাকালীন পুরো ক্যাম্পাসজুড়ে থাকবে উৎসবমুখর পরিবেশ।

এ বিষয়ে জকসুর ক্রিড়া সম্পাদক মোঃ জর্জিস আনোয়ার নাইম বলেন, “জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ প্রদর্শনের বিষয়টি আমার ব্যক্তিগত নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল। বিশ্বকাপকে আরও আকর্ষণীয়ভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি X Force Group-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তাদের সহযোগিতার কারণেই আমরা শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করতে পেরেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন, শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক হলে এবং ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বজায় থাকলে স্ক্রিনের আকার আরও বড় করা হবে।’

এ সময় তিনি জকসুর সকল নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানান এবং আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আয়োজকদের প্রত্যাশা, বিশ্বকাপ চলাকালে এই আয়োজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হবে এবং ক্যাম্পাসে ফুটবলপ্রেমীদের মিলনমেলায় রূপ নেবে।

রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

রাবি প্রতিনিধি
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার অভিযোগে সংগঠনটির সাবেক এক নেতাকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রক্টর প্রশাসনের সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

রবিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি ছাত্রলীগ নেতার নাম সোলাইমান। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোলাইমান আমজাদের মোড় এলাকার একটি মেসে অবস্থান করে মাস্টার্স পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। শিক্ষার্থীদের অভিযোগ, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের রাজনীতি করতেন এবং তার নির্দেশে কয়েকজন শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে রাতভর নির্যাতন করেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারিস রোডে তাকে দেখতে পেয়ে কয়েকজন শিক্ষার্থী আটক করে প্রক্টর দপ্তরে নিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে তার মোবাইল ফোন পরীক্ষা করা হয়। এ সময় নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মেসেঞ্জার চ্যাটের তথ্য পাওয়া যায় বলে দাবি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, সোলাইমান অতীতে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছিলেন। ওই শিক্ষার্থী ও তার সহপাঠীরা তাকে শনাক্ত করে প্রক্টর দপ্তরে নিয়ে আসে। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগকে পুনরায় সক্রিয় করার বিভিন্ন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। পরে তাকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ গোলাম কবির বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন গোপন কার্যক্রম পরিচালনায় যুক্ত ছিলেন। সংগঠনের সদস্যরা গোপন বৈঠকের মাধ্যমে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। এ বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িগঙ্গায় মিলল নিখোঁজ জাবি শিক্ষার্থীর মরদেহ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বুড়িগঙ্গায় মিলল নিখোঁজ জাবি শিক্ষার্থীর মরদেহ
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজসংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে রিভার পুলিশ। রবিবার (১৪ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শিক্ষার্থীর নাম দ্বীপ মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের ৫০তম ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে, মরদেহে পচন ধরেছিল। এ কারণে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা অন্তত এক থেকে দুই দিন আগে ঘটেছে।

নিহতের পরিবার ও সহপাঠীদের সূত্রে জানা যায়, গত শুক্রবার পারিবারিক মনোমালিন্যের জেরে দ্বীপ বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল এবং পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় শনিবার সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

রিভার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, নদীতে একটি মরদেহ ভাসছে—এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে দ্বীপ মজুমদারের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সহপাঠী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পাশাপাশি শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গণবিজ্ঞপ্তি কখন, জানালেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গণবিজ্ঞপ্তি কখন, জানালেন শিক্ষামন্ত্রী

দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিগগিরই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদ সদস্য আখতার হোসেনেতার প্রশ্নে জানতে চান, তার এলাকায় সরকারি এবং এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট কতটি শিক্ষকের শূন্য পদ রয়েছে। এনটিআরসিএর মাধ্যমে চলমান নিয়োগ প্রক্রিয়ায় এই শূন্য পদগুলো পূরণে বিশেষ কোনো অগ্রাধিকার বা দ্রুত ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে কি না?

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তালিকা সংগ্রহ করা হয়েছে। এসব পদে নিয়োগের জন্য দ্রুত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি জানান, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শূন্য পদের তালিকা প্রস্তুত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে। 

ড. এহছানুল হক মিলন বলেন, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সুপারিশ কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, এ প্রক্রিয়ার আওতায় ২০২৫ সালের ১৯ আগস্ট ৪১ হাজার ৬২৭ জন এবং ২০২৬ সালের ২৮ জানুয়ারি ১১ হাজার ৭১৩ জনসহ মোট ৫৩ হাজার ৩৪০ জন শিক্ষককে দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) এলাকার শূন্যপদগুলোও জাতীয় মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার আওতায় অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে। চলমান নিয়োগ কার্যক্রম শেষ হলে সংশ্লিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে।