রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারীবাগে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু এবং একজন যুবক।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের পর মরদেহ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
প্রথম ঘটনায় শনিবার (২৭ জুন) রাতে কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় ১১ বছর বয়সী শিশু রিহাদের মৃত্যু হয়। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বারান্দার গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে দুর্ঘটনাবশত তার মৃত্যু হতে পারে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
অপর ঘটনায় রবিবার (২৮ জুন) ভোরে হাজারীবাগের গণকটুলি এলাকায় সাগর (২১) নামের এক যুবকের মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, সে মাদকাসক্ত ছিল। মায়ের কাছে মাদকের টাকা না পেয়ে, বারান্দায় গ্রিলের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাগর গণকটুলি এলাকার হালিম মিয়ার ছেলে।







