• ই-পেপার

নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

শিবির নেতা হত্যা ও এমপিপুত্রের মুক্তিতে সংসদে বিরোধী দলের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
শিবির নেতা হত্যা ও এমপিপুত্রের মুক্তিতে সংসদে বিরোধী দলের ক্ষোভ
সংগৃহীত ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যা এবং চাঁদাবাজির অভিযোগে আটক এক সংসদ সদস্যের (এমপি) পুত্রকে মুচলেকায় ছেড়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। সোমবার (২২ জুন) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এই ক্ষোভ প্রকাশ করেন।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা নির্মমভাবে সাইফুল্লাহকে হত্যা করেছে। সুনির্দিষ্ট ব্যক্তিদের নামে মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কঠোর সমালোচনা করে রফিকুল ইসলাম খান বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক খারাপ। আমি অবিলম্বে এই খুনিদের গ্রেপ্তারে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। খুনিরা কোনো দলের হতে পারে না। খুনি খুনিই, সে যে দলেরই হোক না কেন। তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

প্রসঙ্গত, গাইবান্ধায় একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধের জেরে রবিবার (২১ জুন) স্থানীয় বোনারপাড়া বাজারে সাইফুল্লাহ বারীকে প্রকাশ্যে হত্যা করা হয়। এই হত্যায় সম্পৃক্ততার অভিযোগে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেসুর রহমানকে ইতিমধ্যে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সংসদে রফিকুল ইসলাম খান আরও বলেন, ‘দেশের সব সংবাদমাধ্যমে এই হত্যাকাণ্ড নিয়ে খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম এবং চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্রকে মুচলেকায় মুক্তি দেওয়ার খবরও গণমাধ্যমে এসেছে।’

রফিকুল ইসলাম খানের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটি পয়েন্ট অব অর্ডার নয়। পয়েন্ট অব অর্ডার হচ্ছে সংসদের চলমান কোনো বিষয়ের ওপর। এরপরও যদি সংসদ সদস্য মনে করেন এটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে বিধি অনুযায়ী নোটিশ দেওয়ার পরামর্শ দেন স্পিকার।’

পরে অধিবেশনের একপর্যায়ে জামায়াতের আরেক সংসদ সদস্য নজিবুর রহমান মোমেন আবার প্রসঙ্গটি সংসদে তোলেন। এ সময় স্পিকারের আসনে থাকা সভাপতিমণ্ডলীর সদস্য জয়নুল আবেদীনের উদ্দেশে তিনি বলেন, শিবির নেতা হত্যা ও মুচলেকায় এমপিপুত্রের মুক্তি নিয়ে সংসদে আলোচনার জন্য কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে নোটিশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

নজিবুর রহমান জানান, তিনি নিজেও এই নোটিশে সমর্থন দিয়েছেন। বিষয়টি নিয়ে সংসদে আলোচনার জন্য তিনি সভাপতির সদয় বিবেচনা ও দৃষ্টি আকর্ষণ করেন।

সংসদের সবাইকে বিরোধীদলীয় নেতার আম উপহার

অনলাইন ডেস্ক
সংসদের সবাইকে বিরোধীদলীয় নেতার আম উপহার

জাতীয় সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সব সংসদ সদস্য (এমপি) থেকে শুরু করে সংসদ সচিবালয়ের সব শ্রেণির কর্মকর্তা এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের এই বিশেষ উপহার দেওয়া হয়।

সোমবার (২২ জুন) সকাল থেকেই ‘সারপ্রাইজ’ উপহার ঘিরে মুখরিত ছিল গোটা সংসদ সচিবালয়। 

জানা যায়, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পাঠানো এই সুদৃশ্য প্যাকেটে ছিল প্রিমিয়াম কোয়ালিটির সুস্বাদু আম। অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদের প্রতিটি দপ্তরে গিয়ে সবার হাতে এই উপহার পৌঁছে দেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এই বিতরণে সব স্তরের কর্মচারীকেই অন্তর্ভুক্ত করা হয়। ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকরাও এই উপহার পান।

উপহার পেয়ে সংসদ সচিবালয়ের এক অফিস সহায়ক বলেন, ‘আমরা ছোট চাকরি করি। বড়দের উপহার সাধারণত দূর থেকেই দেখি। আজ আমাদের জন্যও আম এসেছে, এটি সম্মানের।’

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, বিরোধীদলীয় নেতা দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময় ভিন্নধর্মী ও মানবিক উদ্যোগ দেখা গেছে। এবারের এই আম বিতরণকে তারা সৌজন্য ও সামাজিক সংযোগের একটি উদ্যোগ হিসেবে দেখছেন।

কোনো ধর্মই খারাপ কাজকে সমর্থন করে না : গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কোনো ধর্মই খারাপ কাজকে সমর্থন করে না : গয়েশ্বর চন্দ্র রায়
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও সরকারি নিয়ন্ত্রণ ও বিভিন্ন বিধি-নিষেধের বাইরে ছিল না। ফলে অনেক ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না

সোমবার (২২ জুন) সকালে কেরানীগঞ্জ উপজেলা হলরুমে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সব ধর্মেই ভালো ও মন্দ কাজের প্রতিফল সম্পর্কে ধারণা রয়েছে। মানুষ তার কর্ম অনুযায়ী ফল ভোগ করবে। ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কোনো সাংঘর্ষিক আইন সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।’

তিনি আরো বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে ইফতার পার্টি আয়োজন করতে দেওয়া হয়নি। তখন আমি গাড়িতে করে বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করতাম। ইসলাম যেমন নিরাকার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তেমনি আমি একজন হিন্দু হিসেবে সর্বশক্তিমান সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। ধর্ম ও কর্ম একে অপরের পরিপূরক। রাষ্ট্রের আইন এবং দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে। কোনো ধরনের উগ্রবাদ প্রতিষ্ঠার সুযোগ নেই।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, কেরানীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ মো. আল-আমীন, বিএনপি নেতা আলি হোসেন আলী, চঞ্চল এবং যুবদল নেতা আরমান উল্লাহ ডাবলু প্রমুখ।

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল মঙ্গলবার সব জেলা ও মহানগর শাখাকে বিক্ষোভ সমাবেশ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

সোমবার দুপুরে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৫টায় সব জেলা ও মহানগরে নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ ডেকেছে ১১ দলীয় জোট। সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। সমাবেশে জামায়াত আমিরসহ জোটের দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।