• ই-পেপার

যুবকদের শক্তি-সামর্থ্য বৃদ্ধিতে ইসলামে জিমের গুরুত্ব

আশুরা : ইতিহাস, ফজিলত ও শিক্ষার এক মহিমান্বিত দিন

মুফতি ওমর বিন নাছির
আশুরা : ইতিহাস, ফজিলত ও শিক্ষার এক মহিমান্বিত দিন
সংগৃহীত ছবি

ইসলামের ইতিহাসে কিছু দিন ও রাত এমন আছে, যেগুলো আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা ও তাৎপর্যে ভূষিত করেছেন। মুহাররম মাসের ১০ তারিখ, অর্থাৎ ইয়াওমে আশুরা, তেমনই একটি মহিমান্বিত দিন। এই দিনটি শুধু একটি ঐতিহাসিক ঘটনার স্মারক নয়; বরং এটি আল্লাহর সাহায্য, সত্যের বিজয়, জুলুমের পরাজয় এবং ঈমানদারদের জন্য মহান শিক্ষার প্রতীক।

বর্তমান সময়ে আশুরাকে ঘিরে নানা ঘটনা প্রচলিত থাকলেও একজন মুসলিমের জন্য কোরআন-সুন্নাহর আলোকে এ দিনের প্রকৃত গুরুত্ব জানা অত্যন্ত জরুরি। আশুরার মর্যাদা কারবালার ঘটনার কারণে প্রতিষ্ঠিত হয়নি; বরং কারবালার ঘটনা ঘটার বহু আগে থেকেই এ দিনটি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত ও ফজিলতপূর্ণ ছিল। তাই আশুরাকে বুঝতে হলে আমাদেরকে কোরআন, হাদিস ও নির্ভরযোগ্য ইতিহাসের আলোকে এর প্রকৃত তাৎপর্য অনুধাবন করতে হবে।

আশুরা অর্থ কী?
‘আশুরা’ শব্দটি আরবি ‘عاشوراء’ থেকে এসেছে। এর মূল শব্দ ‘عشرة’ (আশারা), যার অর্থ দশ। তাই মুহাররম মাসের দশম দিনকে আশুরা বলা হয়।

আশুরা কারবালার সঙ্গে প্রতিষ্ঠিত নয়
অনেকেই মনে করেন, কারবালার মর্মান্তিক ঘটনার কারণে আশুরার দিন মর্যাদা লাভ করেছে। বাস্তবে বিষয়টি এমন নয়। সহিহ হাদিস থেকে জানা যায়, রাসুলুল্লাহ (সা.)-এর নবুয়তের আগেও কোরাইশরা এ দিনকে সম্মান করত এবং কাবা শরিফে গিলাফ পরানো হতো। আয়শা (রা.) বলেন, ‘রমজানের রোজা ফরজ হওয়ার আগে মানুষ আশুরার রোজা রাখত। আর এ দিন কাবা শরিফে গিলাফ পরানো হতো। পরে যখন রমজানের রোজা ফরজ হলো, তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, যে ইচ্ছা রোজা রাখবে আর যে ইচ্ছা ছেড়ে দেবে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৫৯২)

আশুরার ঐতিহাসিক ঘটনা: মুসা (আ.)-এর মুক্তি ও ফেরাউনের ধ্বংস
আশুরার দিনের সবচেয়ে নির্ভরযোগ্য ও সহিহভাবে প্রমাণিত ঐতিহাসিক ঘটনা হলো—আল্লাহ তাআলা এ দিনে মুসা (আ.) ও বনি ইসরাঈলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর আমি মূসা ও তাঁর সঙ্গীদের সবাইকে রক্ষা করলাম। তারপর অপর দলকে (ফেরাউন ও তার বাহিনীকে) ডুবিয়ে দিলাম।’ (সুরা : শুআরা, আয়াত : ৬৫-৬৬)

ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ (সা.) মদিনায় এসে দেখলেন, ইহুদিরা আশুরার রোজা রাখছে। কারণ জিজ্ঞাসা করলে তারা বলল, ‘এ দিন আল্লাহ মুসা (আ.) ও বনি ইসরাঈলকে ফেরাউনের ওপর বিজয় দান করেছেন।’ তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘মুসার সঙ্গে তোমাদের চেয়ে আমাদের সম্পর্ক বেশি।’ অতঃপর তিনি নিজে রোজা রাখলেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দিলেন।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৯৪৩)

আশুরার রোজার ফজিলত
আশুরার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি আল্লাহর কাছে আশা করি, আশুরার দিনের রোজা পূর্ববর্তী এক বছরের (সগিরা) গুনাহের কাফফারা হয়ে যাবে।’ (সহিহ মুসলিম, হাদিস : ১১৬২) এটি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নফল রোজা হিসেবে গণ্য।

আশুরার রোজা রাখার সুন্নাহ পদ্ধতি
রাসুলুল্লাহ (সা.) চেয়েছিলেন মুসলমানরা যেন ইহুদিদের অনুকরণ না করে। ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, সাহাবারা বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! এ দিন তো ইহুদি-খ্রিস্টানরাও সম্মান করে।’ তখন তিনি বললেন, ‘আগামী বছর বেঁচে থাকলে আমরা নবম দিনও রোজা রাখব।’ কিন্তু পরবর্তী বছর আসার আগেই রাসুলুল্লাহ (সা.) ইন্তিকাল করেন। (সহিহ মুসলিম, হাদিস : ১১৩৪)

এ কারণে ফকীহগণ বলেছেন—
৯ ও ১০ মুহাররম রোজা রাখা উত্তম। কেউ চাইলে ১০ ও ১১ মুহাররমও রাখতে পারে। শুধু ১০ তারিখ একা রোজা রাখা মাকরুহ নয়, তবে উত্তম হলো সঙ্গে আরেকটি দিন যোগ করা। ইবনে আব্বাস (রা.) বলতেন, ‘তোমরা নবম ও দশম তারিখ রোজা রাখ এবং ইহুদিদের বিরোধিতা কর।’ (জামে তিরমিজি, হাদিস : ৭৫৫)

সাহাবায়ে কেরামের আশুরার প্রতি গুরুত্ব
সাহাবারা শুধু নিজেরাই রোজা রাখতেন না; বরং শিশুদেরও এ আমলে অভ্যস্ত করতেন। রুবাইয়্যি‘ বিনতে মুআউয়িজ (রা.) বলেন, ‘আমরা নিজেরাও আশুরার রোজা রাখতাম এবং আমাদের শিশুদেরও রোজা রাখাতাম। তারা খাবারের জন্য কাঁদলে আমরা তাদের খেলনা দিয়ে ব্যস্ত রাখতাম, যাতে ইফতার পর্যন্ত সময় কাটিয়ে দিতে পারে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৯৬০)
এ থেকে বোঝা যায়, সাহাবায়ে কেরাম আশুরার রোজাকে কতটা গুরুত্ব দিতেন।

কারবালার ঘটনা ও আশুরা
৬১ হিজরির ১০ মুহাররমে কারবালার প্রান্তরে রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয় দৌহিত্র, জান্নাতের যুবকদের নেতা হযরত হুসাইন (রাঃ) শাহাদাত বরণ করেন। এটি ইসলামের ইতিহাসের এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। মুসলিম উম্মাহ আজও গভীর বেদনার সঙ্গে এ ঘটনাকে স্মরণ করে। তবে মনে রাখতে হবে, হুসাইন (রা.)-এর শাহাদাত আশুরার মর্যাদা সৃষ্টি করেনি; বরং আশুরা পূর্ব থেকেই ফজিলতপূর্ণ ছিল।

আশুরার দিনে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন
কথিত আছে যে, একটি হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের জন্য স্বচ্ছলতার ব্যবস্থা করবে, আল্লাহ তার জন্য সারা বছর স্বচ্ছলতা দান করবেন।’ কিন্তু এ হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকেই এটিকে দুর্বল বা জাল বলেছেন। তাই এ বিষয়টিকে আশুরার প্রতিষ্ঠিত সুন্নাহ হিসেবে প্রচার করা উচিত নয়। তবে কেউ যদি সওয়াবের আশায় পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন, তাকে এ নিয়ে দোষারোপ করাও সমীচীন নয়।

অতএব, আশুরা কোনো শোকের দিন নয়, আবার শুধু আনন্দের দিনও নয়; এটি ঈমান, শিক্ষা, ইবাদত ও আত্মশুদ্ধির দিন। এ দিনের প্রকৃত মর্যাদা নিহিত রয়েছে আল্লাহর সাহায্যে মুসা (আ.) ও তাঁর অনুসারীদের মুক্তি লাভের ঘটনায় এবং রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশিত রোজার আমলে। তাই আশুরাকে কেন্দ্র করে ভিত্তিহীন কাহিনি, অতিরঞ্জন কিংবা বিভ্রান্তিকর বিশ্বাস ছড়িয়ে না দিয়ে আমাদের উচিত সহিহ সুন্নাহ অনুসরণ করা, ৯ ও ১০ মুহাররম (অথবা ১০ ও ১১ মুহাররম) রোজা রাখা এবং এ দিনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে আমল করার তাওফিক দান করুন। আমিন।

লেখক : আলেম ও সাংবাদিক

হাদিসের বাণী

থুথু ফেলার ক্ষেত্রে মহানবী (সা.)-এর বিশেষ সতর্কতা

ইসলামী জীবন ডেস্ক
থুথু ফেলার ক্ষেত্রে মহানবী (সা.)-এর বিশেষ সতর্কতা
সংগৃহীত ছবি

আনাস (রা.)-থেকে বর্ণিত, তিনি বলেন, একবার মহানবী (সা.) একজনকে কিবলার দিকে থুথু ফেলতে দেখতে পেলেন। এটা দেখে নবিজির খুব খারাপ লাগল। তার চেহারায়ও সেই চিহ্ন ফুটে উঠল। তিনি দাঁড়িয়ে নিজ হাতে তা ঘষে উঠিয়ে ফেললেন। তারপর বললেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, তখন সে আল্লাহর সাথে কথোপকথন করে। আর তার ও কিবলার মধ্যে আল্লাহ থাকেন। সুতরাং তোমাদের কেউ যেন কিবলার দিকে থুথু না ফেলে। একান্তই যদি থুথু চলে আসে, তাহলে বামে কিংবা পায়ের নিচে ফেলবে। তারপর মহানবী (সা.) তার চাদরের এক কোণ ধরে তাতে থুথু ফেলে এক অংশকে অন্য অংশ দিয়ে রগড়ে দিয়ে বললেন, তোমরা চাইলে এমনও করতে পার। (সহিহ বুখারি, হাদিস : ৩৪৭৫, সহিহ মুসলিম, হাদিস : ১২৩৩০)

হাদিসের শিক্ষাসমূহ 
১. সালাত শুধু কিছু শারীরিক কর্মকাণ্ডের নাম নয়; বরং এটি বান্দা ও আল্লাহর মাঝে এক গভীর আধ্যাত্মিক যোগাযোগ। তাই সালাতে পূর্ণ মনোযোগ ও বিনয় থাকা উচিত।
২. কিবলা মুসলমানদের জন্য সম্মানিত দিক। তাই কিবলার দিকে থুথু, কফ বা শ্লেষ্মা নিক্ষেপ করা আদবের পরিপন্থী এবং গুনাহের কাজ।
৩. মসজিদের পরিচ্ছন্নতা রক্ষা করা ঈমানের অংশ। কেননা মহানবী (সা.) নিজ হাতে কিবলার দেয়াল থেকে থুথু পরিষ্কার করেছেন। 
৪. নেতৃত্বের আদর্শ হলো নিজে কাজ করে দেখানো। তাইতো মহানবী (সা.) শুধু নির্দেশ দেননি; বরং নিজেই অপবিত্রতা পরিষ্কার করেছেন। 
৫. সালাতে দাঁড়িয়ে এমন কোনো কাজ করা উচিত নয় যা সালাতের মর্যাদা বা একাগ্রতা নষ্ট করে। তাই সালাতে আদব ও শিষ্টাচার বজায় রাখা জরুরি। 
৬. খোলা জায়গায় সালাত আদায়ের সময় যদি থুথু চলে আসে, তবে ডান দিকে বা কিবলার দিকে নয়; বরং বাম দিকে অথবা বাম পায়ের নিচে ফেলার অনুমতি রয়েছে।
৭. বর্তমান যুগে মসজিদে কার্পেট, টাইলস ইত্যাদি থাকায় মেঝেতে থুথু ফেলা সমীচীন নয়। এ অবস্থায় রুমাল, টিস্যু বা কাপড় ব্যবহার করা সুন্নাহসম্মত পদ্ধতির অন্তর্ভুক্ত।
৮. মহানবী (সা.) উম্মতের ভুল সংশোধনে প্রজ্ঞা অবলম্বন করতেন। তিনি রাগের বশবর্তী হয়ে কঠোর শাস্তি দেননি; বরং নিজে পরিষ্কার করে শিক্ষা দিয়েছেন। দাওয়াত ও সংশোধনের ক্ষেত্রে এটিই উত্তম পন্থা।

আল্লাহ তাআলা আমাদেরকে সালাতের আদব রক্ষা করার এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা সংরক্ষণ করার তাওফিক দান করুন। আমিন।

মক্কার পবিত্র হাতিমে কাবায় প্রবেশের নতুন সময়সূচি

ইসলামী জীবন ডেস্ক
মক্কার পবিত্র হাতিমে কাবায় প্রবেশের নতুন সময়সূচি
সংগৃহীত ছবি

পবিত্র কাবা শরিফসংলগ্ন ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ স্থান হাতিমে কাবায় প্রবেশের জন্য পুরুষ ও নারীদের পৃথক সময়সূচি ঘোষণা করেছে দুই পবিত্র মসজিদবিষয়ক সাধারণ প্রেসিডেন্সি। গ্র্যান্ড মসজিদের অভ্যন্তরে চলাচল আরো সুশৃঙ্খল করা এবং মুসল্লিদের জন্য ইবাদতের অনুকূল পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, নারীরা প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত হাতিমে কাবায় প্রবেশ করতে পারবেন। অন্যদিকে পুরুষদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে রাত ১০টা থেকে ১টা পর্যন্ত।
প্রেসিডেন্সি জানিয়েছে, হাতিমে কাবায় প্রবেশের সময় নির্ধারণের মূল লক্ষ্য হলো মুসল্লি ও ওমরাহ হজ পালনকারীদের স্বাচ্ছন্দ্যে ইবাদত করার সুযোগ করে দেওয়া। একই সঙ্গে মসজিদুল হারামের তাওয়াফ এলাকা ও আশপাশের অংশে মানুষের চলাচল নির্বিঘ্ন রাখা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করাও এ ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য।

কর্তৃপক্ষ আরো জানায়, দুই পবিত্র মসজিদে আসা মুসল্লিদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। হাতিমে কাবায় প্রবেশের এই নতুন সময়সূচিও সেই বৃহত্তর পরিকল্পনার অংশ।

উল্লেখ্য, ‘হাতিমে কাবা’ কাবা শরিফের উত্তর পাশে অবস্থিত অর্ধবৃত্তাকার প্রাচীরবেষ্টিত একটি পবিত্র স্থান। ইসলামী ঐতিহ্য অনুযায়ী এটি কাবা শরিফের অংশ হিসেবে গণ্য করা হয়। ফলে এখানে নামাজ আদায় ও ইবাদত করার জন্য মুসল্লিদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। নতুন এ সময়সূচির মাধ্যমে মুসল্লিদের ইবাদতের পরিবেশ আরো সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জ্বর উঠলে যে দোয়া পড়বেন

ইসলামী জীবন ডেস্ক
জ্বর উঠলে যে দোয়া পড়বেন
সংগৃহীত ছবি

জ্বর হলে রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের শরীরে ফুঁ দিয়ে কিছু দোয়া ও আয়াত পড়ার শিক্ষা দিয়েছেন। হাদিস অনুযায়ী সবচেয়ে উত্তম ও কার্যকরী দোয়াটি হলো—

بِسمِ اللهِ الكبيرِ، نعوذُ باللهِ العظيمِ مِن شرِّ عِرْقٍ نعَّارٍ ، ومِن شرِّ حرِّ النَّارِ.

উচ্চারণ : বিসমিল্লাহিল কাবির, আউজুবিল্লাহিল আজিম, মিন শাররি কুল্লি ইরকিন নায়্যার, ওয়া মিন শাররি হাররিন নার। 

অর্থ : ‘মহান আল্লাহর নামে, আমি মহান আল্লাহর কাছে আশ্রয় চাই—প্রবল প্রবাহমান রক্তচাপের আক্রমণ থেকে এবং জাহান্নামের উত্তপ্ত আগুনের অনিষ্ট থেকে।’ (তিরমিজি, হাদিস নং : ২০৭৫) 

পড়ার নিয়ম : রোগী নিজে অথবা অন্য কেউ এই দোয়া পড়ে ৭ বার ফুঁ দিতে পারেন। এ ছাড়া, পবিত্র কোরআনের সুরা ফাতিহা, সুরা ইখলাস, সুর ফালাক ও সুরা নাস পড়ে ফুঁ দেওয়াও অত্যন্ত বরকতময় ও রোগমুক্তির উপায়।