• ই-পেপার

প্রতারণার শিকার দুই মুক্তিযোদ্ধা

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি

জামালপুর প্রতিনিধি
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি

জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকায় মেলান্দহ সিভিল জজ আদালতের বিচারক আহমাদুল কবির সাকিল ও দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক নুসরাত জেরিন জেনির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নুসরাত জেরিন জেনি গ্রামের বাড়ির উদ্দেশে বের হন। তাঁকে এগিয়ে দিতে যান সাকিল। এ সময় বাসা ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে টাকাসহ স্বর্ণালংকার চুরি করে। জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতী চাল, শাড়ি, সাবান, গরু, চকোলেট, মরিচের বীজ, নিউরোবিন ফোর্টি ট্যাবলেট, চিংড়ি মাছের রেণু, গাঁজা ইত্যাদি। এসব পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি-৬০ ব্যাটালিয়ন সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপির টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, চণ্ডিদার এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও মাদলা সীমান্ত এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে এক কোটি ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদকপাচার, পুশ ইন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।

জঙ্গি হামলায় নিহত রবিউলের স্মরণসভা

মানিকগঞ্জ প্রতিনিধি
জঙ্গি হামলায় নিহত রবিউলের স্মরণসভা

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে স্বজন ও এলাকাবাসী। গতকাল বুধবার তাঁর কবর জিয়ারত করা হয় এবং গ্রামের বাড়ি আটিগ্রামে শোক মিছিল ও স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সকাল ১১টায় রবিউলের কবর জিয়ারত শেষে একটি শোক মিছিল বের করা হয়। এতে অংশ নেয় রবিউলের প্রতিষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন স্কুল বিকনিং লাইট অর্গানাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটির (ব্লুমস) শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসী। পরে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় স্মৃতিচারণামূলক আলোচনাসভা। ব্লুমসের সভাপতি জিআর শওকত আলীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা আল মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক্তার বদরুল আলম চৌধুরী, ডা. জিয়াউল রহমান এবং মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গির আলম বিশ্বাস। অনুষ্ঠানে বক্তারা জঙ্গিবাদকে ঘৃণা জানিয়ে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে হাবিবুর রহমান (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত লোকমান মণ্ডলের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার ভোর ৪টার দিকে বাড়ির পাশে প্রস্রাব করতে গেলে বিষাক্ত সাপ তাঁর ডান পয়ের হাঁটুর নিচে কামড় দেয়। এ সময় তাঁর চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাঁকে জেলা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালেই তাঁর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।