• ই-পেপার

বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা

পুনরুজ্জীবনে ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

সুইডেনের জালে নেদারল্যান্ডসের গোলোৎসব

ক্রীড়া প্রতিবেদক
সুইডেনের জালে নেদারল্যান্ডসের গোলোৎসব
জোড়া গোলদাতা ব্রায়ান ব্রোবির সঙ্গে সতীর্থদের উল্লাস। সুইডেনের বিপক্ষে এ ম্যাচটাও জিতেছে ব্রোবির নেদারল্যান্ডস। ছবি : সংগৃহীত

তিউনিশিয়ার জালে গোলোৎসব করে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল সুইডেন। নিজেদের প্রথম ম্যাচটি সেদিন পাঁচ গোলের ব্যবধানে জিতেছিল সুইডিশরা। তবে গত রাতে হিউস্টনে মুদ্রার উল্টো পিঠ দেখল তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে সুইডেন।

নেদারল্যান্ডসের দুই ঝড়ে উড়ে গেছে সুইডেন। প্রথম ঝড়ের নাম ব্রায়ান ব্রোবি। ১২ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন এই ফরোয়ার্ড। তাতে হিউস্টনের পুরো গ্যালারিতে কমলা রঙের ঢেউ ওঠে। শুরুটা হয় ম্যাচের ৫ মিনিটে। বাঁ প্রান্ত থেকে কোডি গাকপোর বাড়ানো পাসে বল জালে জড়ান স্যান্ডারল্যান্ডের এই ফরোয়ার্ড। তাঁর দ্বিতীয় গোলটিও অনেকটা একই রকম। এবার ম্যাচের ১৭ মিনিটে ডান প্রান্ত থেকে ডেনজেল ডামফ্রিসের পাস থেকে গোল করেন ২৫ বছর বয়সী ব্রায়ান ব্রোবি। তাতে ম্যাচের শুরুতেই হারের শঙ্কা জেঁকে ধরে সুইডেনের ওপর।

বিরতির পরপরই গাকপোর আরেক ঝড়ে ব্যবধান বাড়ায় ডাচরা। সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন গাকপো। দ্বিতীয়ার্ধের কিক অফের দুই মিনিটের মাথায় সতীর্থ ডামফ্রিসের বাড়ানো বলে দারুণ ফিনিশিং করেন গাকপো। তিনি নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন ম্যাচের ৫৪ মিনিটের সময়। বদলি হিসেবে নামা ক্রিসেনসিও সামারভিলের অ্যাসিস্টে গোল করেন গাকপো। সামারভিল অবশ্য অ্যাসিস্ট করেই সন্তুষ্ট হননি। ম্যাচের শেষ মুহূর্তে সুইডেনের জালে পাঁচ নম্বর গোলটি যায় তাঁর পা থেকে। বদলি হিসেবে নামা মেম্ফিস ডিপাইয়ের পাস ধরে বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোরশিটে নাম তোলেন তিনি।

এর আগে ৫৯ মিনিটের সময় ব্যবধান কমিয়েছিল সুইডেন। আলেক্সান্ডার ইসাকের পাস থেকে গোলটি করেন অ্যান্থনি এলেঙ্গা। আজ অবশ্য ভাগ্যকেও খুব একটা পাশে পায়নি সুইডেন। সুযোগ হাতছাড়া হয়েছে বেশ কয়েকটি। দারুণ দক্ষতা দেখিয়েছেন নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন। পুরো ম্যাচে সাতটি দুর্দান্ত সেভ দিয়েছেন ২৩ বছর বয়সী এই গোলরক্ষক। এই জয়ে এফ গ্রুপ থেকে শীর্ষে উঠে এলো নেদারল্যান্ডস। নিজেদর প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা।

 

ব্রাজিলের সমর্থকদের উল্লাস

ব্রাজিলের সমর্থকদের উল্লাস
ব্রাজিলের ম্যাচ চলাকালে সমর্থকদের উল্লাস। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি : মোহাম্মদ আসাদ

ছাগল তুলতে কূপে নেমে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ছাগল তুলতে কূপে নেমে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পরিত্যক্ত এক কূপে পড়ে যাওয়া ছাগলছানা তুলতে গিয়ে টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে বাবা-ছেলেসহ গারো নৃগোষ্ঠীর চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৯টার দিকে  ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে তাঁদের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তাঁর ছেলে নেইমার  ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)। মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা  লাভলু তরফদার  এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়াসহ এলাকাবাসী জানায়, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিমের মসজিদ এলাকার একটি পরিত্যক্ত কূপে পড়ে গেলে ছানাটি তুলতে প্রথমে কূপে নামে শিশু নেইমার। কিছু সময় পার হয়ে গেলেও নেইমারের সাড়া না পেয়ে কূপে নামেন বাবুল হাদিমা। একইভাবে গাব্রিয়াল এবং সবার শেষে কূপে নামেন রতন নকরেক। একে একে কূপে নামা চারজনের মধ্যে কারো সাড়া না পেয়ে স্থানীয়রা ডাকাডাকি শুরু করে। এ সময় আশপাশের লোকজন ছুটে আসে এবং ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। ফায়ার সার্ভিস টিম এসে পরিত্যক্ত কূপে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম পরিয়ে ফায়ার ফাইটার মনিরকে কূপে নামিয়ে দেয়। মনির একে একে সব কটি লাশ উদ্ধার করেন। মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, চারটি লাশ ফায়ার সার্ভিসের কাছ থেকে গ্রহণ শেষে আইনি প্রক্রিয়া চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা কূপটির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস অথবা অক্সিজেনের ঘাটতির কারণে চারজন অচেতন হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মধুপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা লাভলু তরফদার জানান, কূপটির গভীরতা আনুমানিক ৯ থেকে ১০ ফুট। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ভেতরে অক্সিজেনের ঘাটতির কারণে প্রথমে শিশুটি মারা যায়। পরে তাকে উদ্ধার করতে নেমে আরো তিনজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে দেওয়া হবে বলে জানিয়েছেন মধুপুর থানার ওসি।

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারে উদ্বেগ সম্পাদক পরিষদের

নিজস্ব প্রতিবেদক
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারে উদ্বেগ সম্পাদক পরিষদের

সংবাদ প্রকাশের জেরে বগুড়ায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। সংগঠনটি এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকারের পরিপন্থী উল্লেখ করে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছে।

গতকাল শনিবার সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনা বিএনপির নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্র সংস্কারবিষয়ক ৩১ দফা কর্মসূচিতে ঘোষিত গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

সম্পাদক পরিষদ বলেছে, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তার এবং কারাবন্দি করার প্রবণতা স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকারের জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের ঘটনা সংবাদপত্র ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থানের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

অবিলম্বে সাংবাদিক রেজানুর ইসলামের মুক্তি দাবি করেছে সম্পাদক পরিষদ। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পরিবর্তে বিদ্যমান আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায়, বিশেষ করে প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রতিকার নিশ্চিত করার আহবান জানিয়েছে সংগঠনটি।