পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের কাহনা এলাকায় গতকাল মঙ্গলবার একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির এসব তথ্য জানিয়েছেন। লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি-অপারেশনস) ফয়সাল কামরানও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হওয়ার পর এক বিবৃতিতে রেসকিউ ১১২২-এর মুখপাত্র জানান, আহত একজন শিক্ষিকা ও আটজন শিশুকে লাহোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ শিশুর অবস্থা আশঙ্কাজনক। এদিকে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ১৪ শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সূত্র : ডন, জিও নিউজ


