কাতারের প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিস্ফোরণে অনন্ত ১৩ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছে আরো ১৮ জন। দেশটির কর্তৃপক্ষ এমন তথ্য দিয়েছে। গতকাল সোমবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযান পরিচালনার জন্য কাতারি ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ গ্রুপ মোতায়েন করা হয়েছে। রাস লাফান শিল্পনগরীতে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষ আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি। তবে তারা বলেছে, কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এর আগে কর্মকর্তারা বলেছিলেন, ঘটনাস্থলে পৌঁছানো সিভিল ডিফেন্স দল প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পায়নি। পরে প্রকাশিত সরকারি তথ্যে আহত ও নিখোঁজের সংখ্যা উল্লেখ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, বিস্ফোরণের কারণে এলএনজি স্থাপনা থেকে কোনো গ্যাস লিক হয়নি। জননিরাপত্তার ক্ষেত্রেও তাৎক্ষণিক কোনো ঝুঁকি তৈরি হয়নি। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। সূত্র : গালফ নিউজ


