তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) যোদ্ধারা উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি চেকপয়েন্টে হামলা চালিয়ে ছয়জন আধাসামরিক সদস্যকে হত্যা এবং আরো আটজনকে অপহরণ করেছে। নিরাপত্তা কর্মকর্তারা মঙ্গলবার এ খবর জানিয়েছে।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির বেশ কয়েকজন সদস্য সোমবার পেশোয়ার শহরের একটি চেকপয়েন্টে আগ্নেয়াস্ত্র, হ্যান্ড গ্রেনেড এবং মর্টার শেল নিয়ে হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে এ কথা জানান।
পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির (এফসি) কথা উল্লেখ করে দ্বিতীয় একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘সশস্ত্র যোদ্ধাদের চালানো এক হামলায় এফসির ছয়জন সদস্য শহীদ এবং আরো চারজন আহত হয়েছেন।’ তিনি আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের সম্মুখভাগের নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
দ্বিতীয় সূত্রটি আরো জানায়, ‘জঙ্গিরা এফসির আটজন সদস্যকে অপহরণ করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।’
মন্তব্যের অনুরোধে পাকিস্তানের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। টিটিপি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপহৃত ব্যক্তিদের একটি ছবি পোস্ট করে এই হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তান তার পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাগুলোতে ক্রমবর্ধমান বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করে আসছে।
ইসলামাবাদ আফগানিস্তানকে যোদ্ধাদের আশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত করেছে। তবে কাবুলের আফগান তালেবান সরকার এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে।
গত মাসে খাইবার পাখতুনখাওয়ায় একাধিক হামলায় সশস্ত্র যোদ্ধারা ২৬ জনকে হত্যা করে। সন্ত্রাসবাদের অভিযোগকে কেন্দ্র করে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক অনেক খারাপ হয়ে গেছে। এই কূটনৈতিক উত্তেজনা এখন শুধু কথাবার্তায় সীমাবদ্ধ নেই, বরং তা সীমান্তে সংঘর্ষে রূপ নিয়েছে। এর মধ্যে আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলার ঘটনাও ঘটেছে।




