দ্বিতীয় বাংলাদেশি হিসাবে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলবেন হাসান মাহমুদ। কাউন্টি ক্লাব কেন্টের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ২৬ বছর বয়সী পেসার জানিয়েছেন, এই সুযোগ তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।
কেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে হাসান বলেন, ‘কেন্টের মতো ঐতিহাসিক ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এটি শুধু আমার জন্য নয়, বাংলাদেশের সবার জন্য এক গর্বের মুহূর্ত।’
হাসান আরো বলেন, ‘দলের সাফল্যে অবদান রাখতে আমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। দলে আমার ভূমিকা ও প্রত্যাশা নিয়ে অ্যাডাম হোলিওক ও সাইমন কুকের সঙ্গে কথা হয়েছে। কেন্টের হয়ে মাঠে নামতে তর সইছে না।’
ইংল্যান্ডে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঠে দেখার আশা হাসানের, ‘আমি ক্লাবের সদস্য ও সমর্থকদের সঙ্গে দেখা করতে এবং যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি দর্শকদের মাঠে এসে দলকে সমর্থন দিতে দেখার অপেক্ষায় আছি। ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা সবার জানা।’
কাউন্টি চ্যাম্পিয়নশিপে মোট ছয়টি ম্যাচ খেলবেন হাসান মাহমুদ। এর মধ্যে চলতি জুনে দুটি এবং সেপ্টেম্বরে মৌসুমের শেষ দিকে চারটি।
প্রথম বাংলাদেশি হিসাবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের সেপ্টেম্বরে লন্ডনের ক্লাব সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। তবে সেই ম্যাচেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তিনি নিষিদ্ধ হন।




