• ই-পেপার

খুশকির সমস্যায় ভুগছেন? ঘরেই বানিয়ে নিন কার্যকর কিছু হেয়ার প্যাক

প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সালমান

বিনোদন ডেস্ক
প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সালমান
সংগৃহীত ছবি

ঘনিষ্ঠ বন্ধু কুমুদ রানেকে হারিয়ে শোকাহত বলিউড সুপারস্টার সালমান খান। প্রিয় বন্ধুর শেষ বিদায় জানাতে মুম্বাইয়ে তাঁর শেষকৃত্যে উপস্থিত হন অভিনেতা। সেখানে নিজেকে সামলে রাখার চেষ্টা করলেও বারবার আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায় তাকে। 

সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার মুম্বাইয়ে কুমুদ রানের শেষকৃত্য সম্পন্ন হয়। সালমান খানের পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন খান পরিবারের আরো অনেক সদস্য। তাদের মধ্যে ছিলেন সালমানের মা সালমা খান, সৎমা হেলেন, ভাই আরবাজ খান ও সোহেল খানসহ পরিবারের ঘনিষ্ঠজনেরা।

জানা যায়, কুমুদ রানের সঙ্গে খান পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাই তাঁর মৃত্যুতে পুরো পরিবারই গভীর শোক প্রকাশ করেছে। শেষকৃত্যের অনুষ্ঠানে সালমানকে অত্যন্ত গম্ভীর ও বিষণ্ণ দেখাচ্ছিল। 

বিভিন্ন ভিডিওতে দেখা যায়, তিনি নিজেকে সংযত রাখার চেষ্টা করলেও প্রিয়জনকে হারানোর বেদনা তাঁর চোখেমুখে স্পষ্ট হয়ে উঠেছে।

কড়া নিরাপত্তার মধ্যেই শ্মশানঘাটে পৌঁছান সালমান খান। তবে সেখানে কোনো তারকাসুলভ আচরণ নয়, বরং এক শোকাহত বন্ধুর মতোই শেষ বিদায় জানান তিনি। 

এই দৃশ্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভক্ত মন্তব্য করেছেন, পর্দার ‘ভাইজান’-এর মানবিক ও আবেগপ্রবণ দিক তাদের হৃদয় ছুঁয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কুমুদ রানের সঙ্গে সালমান খান ও তাঁর পরিবারের সম্পর্ক ছিল বহু বছরের। তাই এই মৃত্যু ব্যক্তিগতভাবেও বড় এক ক্ষতি হয়ে এসেছে অভিনেতার জীবনে। এদিন জনপ্রিয় তারকাকে নয়, বরং একজন প্রিয় মানুষকে হারানোর শোকে ভেঙে পড়া বন্ধুকেই দেখেছেন উপস্থিত সবাই।
 

বদলে গেল সানি দেওলের ছবির নাম

বিনোদন ডেস্ক
বদলে গেল সানি দেওলের ছবির নাম
সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা সানি দেওলের বহুল আলোচিত নতুন ছবির নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নাম ঘোষণা করেন অভিনেতা। আগে ‘লাহোর ১৯৪৭’ নামে পরিচিত ছবিটি এখন মুক্তি পাবে ‘বাটওয়ারা ১৯৪৭’ শিরোনামে।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি মোশন পোস্টার প্রকাশ করে সানি দেওল নতুন নামের ঘোষণা দেন। পোস্টারের সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঘৃণা ও ভয়ের সময়ে তিনি সাহসকে বেছে নিয়েছিলেন। ২০২৬ সালের ১৪ অগস্ট থেকে প্রেক্ষাগৃহে দেখুন ‘বাটওয়ারা ১৯৪৭’।'

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবির নাম পরিবর্তনের পেছনে ছিল বিশেষ কারণ। প্রযোজক আমির খান নাকি ‘লাহোর ১৯৪৭’ নামটি রাখতে আগ্রহী ছিলেন না। অন্যদিকে ‘বাটওয়ারা’ শিরোনামের স্বত্ব ছিল প্রয়াত প্রযোজক সেলিম আখতারের কাছে। পরে আমির খান তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে শিরোনাম ব্যবহারের অনুমতি নেন। এরপরই ছবির নতুন নাম চূড়ান্ত করা হয়।

এর আগে সানি দেওল দেশাত্মবোধক সিনেমা ‘বর্ডার ২’-এ অভিনয় করে আলোচনায় ছিলেন। ১৯৯৭ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘বর্ডার’-এর সিক্যুয়াল হিসেবে নির্মিত সেই ছবি মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে।

এদিকে ‘বাটওয়ারা ১৯৪৭’-এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা। 

পরিচালক রাজকুমার সন্তোষীর এই ছবিতে সানি দেওলের পাশাপাশি আরো অভিনয় করেছেন শাবানা আজমি, আলি ফজল এবং সানির ছেলে করণ দেওল। ছবিটির প্রযোজক আমির খান।

পুরুষদের কাছ থেকে উপহার পেতে অস্বস্তি লাগে আনুশকার!

বিনোদন ডেস্ক
পুরুষদের কাছ থেকে উপহার পেতে অস্বস্তি লাগে আনুশকার!
সংগৃহীত ছবি

একসময় বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ছিলেন আনুশকা শর্মা। তবে বিয়ে এবং মাতৃত্বের পর অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গেছেন তিনি। বর্তমানে স্বামী বিরাট কোহলি ও দুই সন্তানকে নিয়ে পারিবারিক জীবনেই বেশি সময় কাটাচ্ছেন এই তারকা। 

কিন্তু ব্যক্তিজীবনের নানা দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি বরাবরই স্পষ্টভাষী। তেমনই একটি পুরনো মন্তব্য আবারও আলোচনায় এসেছে, যেখানে তিনি জানিয়েছিলেন, পুরুষদের কাছ থেকে উপহার পেলে তিনি অস্বস্তিতে পড়েন।

এক সাক্ষাৎকারে উপহার গ্রহণের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে আনুশকা বলেছিলেন, ‘একবার এক পুরুষ বন্ধু আমাকে অনেক উপহার পাঠান। প্রথমে বিরক্ত হই। আসলে আমি এগুলো পছন্দ করি না। আমাকে কেন কেউ উপহার দেবে? এই বিষয়ে আমার অবস্থান খুব স্পষ্ট। কোনো পুরুষ বন্ধুর সঙ্গে কোথাও গেলে, হয় আমি পুরো টাকা দেব, নয়তো দু’ভাগ হবে। আমি সেই উপহারটি পেয়ে প্রথমে দামটা যাচাই করি, তার পর তার থেকে বেশি দামের উপহার তাঁকে পাঠিয়ে দিই।’

তিনি আরো জানান, এই বিষয়ে ব্যতিক্রম কেবল তাঁর স্বামী বিরাট কোহলি। স্বামীর কাছ থেকে উপহার গ্রহণে তাঁর কোনো আপত্তি নেই, তবে অন্য পুরুষের কাছ থেকে উপহার নেওয়ার প্রচলন তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না।

বর্তমানে বছরের বেশির ভাগ সময় লন্ডনেই থাকেন আনুশকা ও বিরাট। সন্তান জন্মের পর তিনি বড় পর্দায় খুব একটা দেখা দেন না। তবে ক্যারিয়ারের সক্রিয় সময়ে অভিনয়ের পাশাপাশি নিজের স্পষ্ট অবস্থান ও প্রতিবাদী মনোভাবের জন্যও পরিচিত ছিলেন তিনি। সামাজিক অন্যায় কিংবা অসচেতন আচরণের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে কখনোই দ্বিধা করেননি এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ ছিল আনুশকা শর্মার সর্বশেষ চলচ্চিত্র। এরপর থেকে তিনি নতুন কোনো সিনেমায় অভিনয় করেননি। ফলে তিনি আবার কবে বড় পর্দায় ফিরবেন, নাকি অভিনয় থেকে দীর্ঘ বিরতিই বজায় রাখবেন—সেই প্রশ্নের উত্তর এখনো অজানাই রয়ে গেছে।

আবারও মা হচ্ছেন দীপিকা, নজর কাড়ল বেবিবাম্প

বিনোদন ডেস্ক
আবারও মা হচ্ছেন দীপিকা, নজর কাড়ল বেবিবাম্প
সংগৃহীত ছবি

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কয়েক মাস আগে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে যৌথভাবে নতুন অতিথি আসার সুখবর জানিয়েছিলেন তিনি। সেই ঘোষণার পর এবার প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল এই অভিনেত্রীকে। আর প্রকাশ্যে আসতেই ভক্তদের নজর কেড়েছে তার স্পষ্ট বেবিবাম্প।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুন) সন্ধ্যায় নিজেদের নতুন বাড়ির বারান্দায় একসঙ্গে দেখা যায় দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সাদা রঙের কো-অর্ড পোশাকে দেখা যায় দীপিকাকে। পাশে ছিলেন রণবীর সিং, যিনি লাল টি-শার্ট, কালো প্যান্ট ও ক্যাপ পরে স্বাভাবিক লুকে ধরা দেন।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় নিজেদের নতুন বাড়ির বারান্দায় একসঙ্গে দেখা যায় দীপিকা ও রণবীরকে। ছবি: সংগৃহীত

ছবিগুলো প্রকাশ্যে আসার পরই ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকে মন্তব্য করেন, মাতৃত্বের বিশেষ উজ্জ্বলতা দীপিকার মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কেউ লিখেছেন, ‘বেবিবাম্পটি দারুণ লাগছে।’ আবার অনেকেই তাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষার কথা জানিয়েছেন।

চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যৌথ পোস্টের মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের খবর দেন দীপিকা ও রণবীর। 

সেই পোস্টে দেখা যায়, তাদের মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে আছে। কিটটিতে ইতিবাচক ফলাফলের দুটি গোলাপি দাগ দেখা যায়। ছবিতে দুয়ার হাত আলতো করে ধরে ছিলেন দীপিকা ও রণবীর। 

পোস্টের ক্যাপশনে কোনো বার্তা না লিখে শুধু একটি ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছিলেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৮ সালে ইতালিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান দুয়া। জন্মের পর কয়েক মাস মেয়েকে জনসমক্ষে আনেননি এই তারকা দম্পতি। 

পরে ২০২৫ সালের দীপাবলি উপলক্ষে প্রথমবারের মতো মেয়ের পরিচয় ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তারা। বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই দম্পতিকে ঘিরে ভক্তদের আগ্রহও তুঙ্গে।