• ই-পেপার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মৌলভীবাজারে প্রস্তুতি

কুসিকের নতুন নগর ভবন নির্মাণ নিয়ে মতবিরোধ

কুমিল্লা প্রতিনিধি
কুসিকের নতুন নগর ভবন নির্মাণ নিয়ে মতবিরোধ
ছবি: কালের কণ্ঠ

বিভিন্ন নাগরিক সমাজের মতবিরোধের মধ্যে দিয়ে কুমিল্লা নগর ভবন স্থাপন নিয়ে সিটি করপোরেশনের মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলামের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নগর ভবন নির্মাণ নিয়ে দুই পক্ষের তাদের অটল অবস্থান তুলে ধরেন। তবে নগরবাসীর বর্তমান স্থানে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়ে আসছে।

সূত্র মতে, কুমিল্লা পৌরসভার প্রতিষ্ঠার প্রায় দেড়শ বছরের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে বর্তমান স্থানেই নতুন নগর ভবন নির্মাণের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

সভার শুরুতে তদন্ত কার্যক্রমের কথা তুলে ধরে উপসচিব মো. রবিউল ইসলাম বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বর্তমান স্থানেই নতুন নগর ভবন নির্মাণের পক্ষে আবেদন করেছেন। অপরদিকে স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নগরের দক্ষিণাঞ্চলের ছোট ধর্মপুর এলাকায় নতুন ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন। দুই পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সরেজমিন তদন্তের সিদ্ধান্ত নেয়। আমি তদন্তের দায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের প্রত্যেকের মতামত শুনব, লিপিবদ্ধ করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব।’

স্থানীয় সরকার বিভাগের তদন্ত কমিটির সামনে দেওয়া মতামতে বক্তারা বলেন, ‘১৮৬৪ সালের ৩০ নভেম্বর যে স্থানে কুমিল্লা পৌরভবন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ঐতিহাসিক স্থান থেকেই নাগরিক সেবা পরিচালিত হয়ে আসছে। তাই নতুন নগর ভবনও একই স্থানে নির্মাণ করা উচিত।’

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁঞাসহ সিটি কপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ।

বর্তমান স্থানে নতুন নগর ভবন নির্মাণের পক্ষে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, আবুল হাসনাত বাবুল, মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, কুমিল্লা মডার্ন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আলী বকুল, মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন প্রমুখ।

অন্যদিকে ছোট ধর্মপুর এলাকায় নতুন নগর ভবন নির্মাণের পক্ষে মত দেন সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন।

এদিকে সংসদ সদস্যের আবেদনের কারণে নতুন নগর ভবন নির্মাণসংক্রান্ত দরপত্র কার্যক্রম, টেন্ডার সিডিউল বিক্রি ও জমা গ্রহণ আপাতত স্থগিত রয়েছে। সভায় অংশগ্রহণকারীরা দ্রুত টেন্ডার প্রক্রিয়া পুনরায় চালুর দাবি জানানো হয়।

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বর্জ্যবাহী ট্রাকচাপায় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং যুবদল নেতা মো. মাসুম বিল্লাহ (২৭) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল কাদির জিলানী ও মাসুম বিল্লাহ মোটরসাইকেলে করে দশপাইপ এলাকায় একটি নতুন কয়েল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে একই দিকে চলাচলকারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে জমে থাকা বালুর স্তূপে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় তারা ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহত মাসুম বিল্লাহ পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি একটি কয়েল কারখানার মালিক ও কাঁচা তরকারি ব্যবসায়ী ছিলেন।

অপর নিহত আব্দুল কাদির জিলানী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকার ও মাফুজা আক্তারের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া এলাকায় বসবাস করতেন এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

হাইকোর্টে জামিনের পর জেলগেট থেকে আবারও গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধ
হাইকোর্টে জামিনের পর জেলগেট থেকে আবারও গ্রেপ্তার
সংগৃহীত ছবি

মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক এজিএস, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং ৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর শহিদুল ইসলাম বাবু মীর (৫২) হাইকোর্ট থেকে জামিন লাভের পর আবারও গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বের হওয়ার সময় জেলগেট থেকেই তাকে গ্রেপ্তার করে মাগুরা সদর থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ আগস্ট-পরবর্তী একটি মামলায় বাবু মীরকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আক্কেলপুরে ১ দিনে ৩ মরদেহ উদ্ধার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আক্কেলপুরে ১ দিনে ৩ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে এক দিনেই দুই নারী, এক পুরুষসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) উপজেলার পৃথক তিন জায়গা থেকে সাড়ে ছয় ঘণ্টার ব্যবধানে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন আক্কেলপুর পৌর এলাকার খামার কেশবপুর গ্রামের উত্তম চৌধুরীর স্ত্রী গৃহবধূ শ্রীমতী সাবিত্রী চৌধুরী (২৫), উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী বড় মসজিদ এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী বৃদ্ধা বুলি বেওয়া (৭৬) এবং রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামের কমল চন্দ্র বর্মণের ছেলে ডেকরেটর শ্রমিক শিপন চন্দ্র বর্মণ (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে সাড়ে ছয় ঘণ্টার মধ্যে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিহতদের পরিবারের সদস্যদের দাবি, তারা আত্মহত্যা করেছেন। এর মধ্যে শ্রীমতী সাবিত্রী চৌধুরী গলায় ফাঁস দিয়েছেন এবং বৃদ্ধা বুলি আক্তার ও শিপন চন্দ্র বর্মণ গ্যাস ট্যাবলেট খেয়েছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, উপজেলার পৃথক তিনটি স্থান থেকে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় থানায় তিনটি অপমৃত্যু মামলা করা হয়েছে।