চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গৃহপরিচারিকা নয়নী খাতুন হত্যাকাণ্ডের দায়ে নোমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৯ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠিয়েছে। এর আগে গতকাল সোমবার (০৮ জুন) রাতে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নয়নীর স্বজন আকলিমা বেগম। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২ নম্বর আসামি তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি নোমান উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ এলাকার রইসউদ্দিনের নাতি ও সুমনের ছেলে।
এজাহারে বলা হয়, নোমানের নানা রইসউদ্দিনের বাড়িতে নয়নী খাতুন গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছিলেন। এক পর্যায়ে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনাটি নোমানের বাড়ির লোকজনসহ অন্যান্য আসামীরা জানতে পেরে তারা সকলে নয়নীর ওপর শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে গত ১ জুন সোমবার বিকেলে তারা নয়নীকে হত্যা করে তাদের বাড়ির দোতলায় একটি সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্রচারণা করে। সেদিন রাত ১১টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে দূর্লভপুর শেরপুর ভান্ডার-বিজিপাড়া এলাকায় তার মরদেহ দাফন করা হয়।
আসামিরা নয়নীকে হত্যা করে নাটকীয়ভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নয়নীর নিকটতম আত্মীয় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার-বিজিপাড়া গ্রামের মোস্তাকের স্ত্রী আকলিমা বেগম বাদি হয়ে রইসউদ্দিন ও নোমানসহ আটজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
তিনি আরও জানান, রইসউদ্দিনের বাড়ি মোহনবাগ এলাকা থেকে নোমানকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।






