• ই-পেপার

চট্টগ্রামে আ. লীগের লিফলেট তৈরির সময় নারী নেত্রীসহ গ্রেপ্তার ২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
ছবি: কালের কণ্ঠ

বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টার দিকে সেখানে সাময়িকভাবে সকল লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি কালের কণ্ঠকে বলেন, ‘বজ্রবৃষ্টিসহ প্রবল দমকা হাওয়ায় পদ্মার পানি অনেকটা উত্তাল হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে আজ মঙ্গলবার দুপুর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে লঞ্চ সার্ভিস চালু করা হবে।’

বরিশালের বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন কেডিসি বস্তিতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেডিসি বস্তি এলাকার মাদক বিক্রেতা সাইদুল ইসলামকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগেই তিনি পালিয়ে যান। পরবর্তীতে তার বাসায় তল্লাশি চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন আরো জানান, সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এসব মাদকদ্রব্য আমদানি করেছিলেন। এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক আমদানিকারকদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ধুনটে ভূমি অধিগ্রহণ জটিলতা, ২ বছর ধরে বন্ধ সেতুর নির্মাণকাজ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনটে ভূমি অধিগ্রহণ জটিলতা, ২ বছর ধরে বন্ধ সেতুর নির্মাণকাজ
বগুড়ার ধুনটে পশ্চিম ভরণশাহী-চরপাড়া মোড়ে নির্মীয়মাণ সেতু। ছবি : কালের কণ্ঠ

বগুড়ার ধুনট-শেরপুর সড়কের পশ্চিম ভরণশাহী-চরপাড়া মোড়ে নির্মীয়মাণ সেতুর কাজ প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে। ভূমি অধিগ্রহণ সম্পন্ন না করেই কাজ শুরু করার কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় পুরনো ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর ওপর দিয়েই এখনো পথচারী ও ভারী যানবাহন চলাচল করছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেতুর কাজ শেষ না হওয়ায় জনগুরুত্বপূর্ণ এই সড়ক ব্যবহারে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বগুড়া সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, ধুনট-শেরপুর সড়কের ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী-চরপাড়া রইচখা দহের ওপর আশির দশকে একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ওই সেতুটি অকেজো হয়ে পড়ে। কোনো রকমে জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণ ওই সেতুর ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে করে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এ অবস্থায় ২০২২-২০২৩ অর্থবছরে ওই বেইলি সেতুর পরিবর্তে সেখানে ঢালাই সেতু নির্মাণের জন্য ৬ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেতুটির দৈর্ঘ্য ২৫ মিটার এবং প্রস্থ ১০.৩ মিটার। ২০২৩ সালে নির্মাণকাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে গেছে কাজ। প্রায় ৮৫ ভাগ কাজ সম্পন্ন হলেও বাকি কাজ বন্ধ আছে দুই বছর ধরে।

ভুক্তভোগীরা জানান, কোনো টাকা-পয়সা, কোনো ক্ষতিপূরণ না দিয়ে, এমনকি অধিগ্রহণের কোনো কাগজপত্র না প্রস্তুত করেই তারা এ কাজটা তখন করতে চায়। এমনকি এখন অবধি কোনো অর্থও দেওয়া হয়নি। নতুন সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর ওপর দিয়ে যাতায়াতে দুর্ভোগে বাড়ছে পথচারী ও এলাকাবাসীর। ভূমি অধিগ্রহণ ছাড়াই এই কাজ শুরু করায় সড়ক ও জনপদ বিভাগের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা।

বগুড়া সড়ক ও জনপদ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুর রহমান বলেন, ‘আমাদের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দীর্ঘদিন যাবৎ চলমান। এই ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতার কারণেই কাজ বন্ধ রয়েছে। দ্রুত এ জটিলতা নিরসন করে নির্মাণকাজ শেষ করা হবে।’

ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
রাইসা মনি। সংগৃহীত ছবি

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাইসা মনি (৮) নামের এক শিশুর মরদেহ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন নদীতীর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত রাইসা মনি কাঁচকোল দক্ষিণ খামার এলাকার রাশেদুল ইসলামের মেয়ে। সে কাঁচকোল বাজার নবীজান নুরানী ও হাফিজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্র জানায়, গত রবিবার বিকেলে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় রাইসা। এক পর্যায়ে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা শিশুরা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরদিন সোমবার সকালে রংপুর থেকে একটি বিশেষ ডুবুরিদল এসে অভিযানে যোগ দেয়। প্রায় ছয় ঘণ্টা তল্লাশি চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৪৪ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে কেডিওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের নদীতীরে একটি মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে সেটি রাইসা মনির মরদেহ বলে শনাক্ত করা হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকেই স্থানীয়রা ফায়ার সার্ভিস ও ডুবুরিদলের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকাজে সহযোগিতা করেছেন।’

এ বিষয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ‘শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। মরদেহ উদ্ধারের বিষয়টি আমরা জেনেছি।’