• ই-পেপার

আজ যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ফেনীর প্রবীণ সাংবাদিক ওসমান হারুন দুলাল মারা গেছেন

ফেনী প্রতিনিধি
ফেনীর প্রবীণ সাংবাদিক ওসমান হারুন দুলাল মারা গেছেন

ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পরিবার সূত্রে জানা গেছে, ওসমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে ফেনীর সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

‘সড়ক দুর্ঘটনায়’ কলেজছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি খুন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
‘সড়ক দুর্ঘটনায়’ কলেজছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি খুন
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় শ্রুতি পাল (২০) নামে এক কলেজছাত্রী নিহত হওয়ার দাবি করেছে তার সঙ্গে থাকা কয়েক ব্যক্তি। তবে নিহতের পরিবার দাবি, শ্রুতি পালকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনার নাটক সাজানো হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় এই ঘটে। সে সময় তানভীর হোসেন নামে এক যুবক আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

নিহত শ্রুতি পাল ফেনী টিচার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বিএড দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের হোমিও চিকিৎসক টিটু পালের কন্যা। তার পরিবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় বাস করেন।

ঘটনা সম্পর্কে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শুভ বলেন, রবিবার বিকেলে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শ্রুতি পালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনা জেনে তানভীরকে হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য শ্রুতির মরদেহ হাসপাতালে পাঠায়।

নিহতের বাবা টিটু পালের দাবি, এটি কোনো সড়ক দুর্ঘটনা নয়; পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘ঘটনার পর থেকে শ্রুতির বন্ধু রিসবী সুলতানা আমাদের এড়িয়ে যাচ্ছেন। এ ছাড়া তানভীরের কথাবার্তাও অসংলগ্ন মনে হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আইনি পদক্ষেপ  নেব।’

টিটু পাল বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে শ্রুতি সবচেয়ে মেধাবী ছিল। মঙ্গলবার কুমিল্লা কেন্দ্রে তার বিএড দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। আজই তার কুমিল্লা যাওয়ার কথা ছিল। আমাদের কাছে তার মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না।’

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুকসুদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, পিকআপ ভ্যানের হেলপার নিহত

মুকসুদপুর ও গোপালগঞ্জ প্রতিনিধি
মুকসুদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, পিকআপ ভ্যানের হেলপার নিহত
ছবি: কালের কণ্ঠ

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাসুদ সেখ (৩৫) নামে এক পিকআপ ভ্যানের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ সেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পোলট্রি ফিড নিয়ে খুলনাগামী একটি ট্রাক এবং খুলনা থেকে ইজিবাইকের যন্ত্রাংশ নিয়ে ঢাকাগামী একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ট্রাক ও পিকআপ সড়কের উপর উল্টে যায়। পিকআপের হেলপার মাসুদ সেখ গুরুতর আহত হন। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার ফলে পিকআপের হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মাদারীপুর

থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, আটক ৯

মাদারীপুর প্রতিনিধি
থানা থেকে ২ আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, আটক ৯
সংগৃহীত ছবি

মাদারীপুর সদর থানায় গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামি আরিফ ও সবুজ নামে দুজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুনা) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে দুজনকে আটকের পর এ ঘটনা ঘটে। পরে আসামিপক্ষের লোকজন থানা ঘেরাও ও অবরুদ্ধ করার চেষ্টা করলে আরো সাতজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাদামতলা এলাকার সবুজকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আটক করা হয়। একই সঙ্গে নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকেও আটক করে পুলিশ । তাদের আটকের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি আরিফের বিরুদ্ধে থাকা ওয়ারেন্ট দেখতে চান। এ নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ আটক দুজনকে সদর থানায় নিয়ে আসে। পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আরো সাতজনকে থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর সদর সার্কেল কর্মকর্তা ফারিয়া রফিক ভাবনা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরিফ ও সবুজ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরো সাতজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।