চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় শ্রুতি পাল (২০) নামে এক কলেজছাত্রী নিহত হওয়ার দাবি করেছে তার সঙ্গে থাকা কয়েক ব্যক্তি। তবে নিহতের পরিবার দাবি, শ্রুতি পালকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনার নাটক সাজানো হয়েছে।
রবিবার (৭ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় এই ঘটে। সে সময় তানভীর হোসেন নামে এক যুবক আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
নিহত শ্রুতি পাল ফেনী টিচার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বিএড দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের হোমিও চিকিৎসক টিটু পালের কন্যা। তার পরিবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় বাস করেন।
ঘটনা সম্পর্কে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শুভ বলেন, রবিবার বিকেলে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শ্রুতি পালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনা জেনে তানভীরকে হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য শ্রুতির মরদেহ হাসপাতালে পাঠায়।
নিহতের বাবা টিটু পালের দাবি, এটি কোনো সড়ক দুর্ঘটনা নয়; পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘ঘটনার পর থেকে শ্রুতির বন্ধু রিসবী সুলতানা আমাদের এড়িয়ে যাচ্ছেন। এ ছাড়া তানভীরের কথাবার্তাও অসংলগ্ন মনে হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আইনি পদক্ষেপ নেব।’
টিটু পাল বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে শ্রুতি সবচেয়ে মেধাবী ছিল। মঙ্গলবার কুমিল্লা কেন্দ্রে তার বিএড দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। আজই তার কুমিল্লা যাওয়ার কথা ছিল। আমাদের কাছে তার মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছে না।’
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।