বাংলাদেশের ব্যবসা ও রপ্তানি খাতকে বৈশ্বিক ডিজিটাল বাণিজ্যের সঙ্গে আরো নিবিড়ভাবে সংযুক্ত করার লক্ষ্যে বিশ্বের অন্যতম বৃহৎ বি-টু-বি (B2B) ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডটকম বাংলাদেশে তাদের অনুমোদিত চ্যানেল পার্টনার হিসেবে স্প্রিংফিল্ড কর্পোরেশনকে নিয়োগ দিয়েছে।
এই নিয়োগের মাধ্যমে স্প্রিংফিল্ড কর্পোরেশন বাংলাদেশের উৎপাদক, সরবরাহকারী, রপ্তানিকারক এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক সংযোগ স্থাপনে সহায়তা করবে। বর্তমানে আলিবাবা ডটকম বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে ব্যবসায়িক যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অন্যতম নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃত।
প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের প্রতিষ্ঠানগুলোকে এই সেবার আওতায় আনা হবে। পরবর্তীতে পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, হস্তশিল্প এবং অন্যান্য রপ্তানিমুখী শিল্পখাতকে অন্তর্ভুক্ত করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিবাবা ডটকমের গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র স্পেশালিস্ট (চ্যানেল অপারেশন) মি. ভ্যানিয়া, বাংলাদেশের চ্যানেল ম্যানেজার সনোবার মাইরা, স্প্রিংফিল্ড কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম, নির্বাহী পরিচালক শান শাহেদ এবং হেড অব বিজনেস (ঢাকা) উম্মে রোকেয়া নিশাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এই অংশীদারিত্ব বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে ব্যবসায়িক সম্প্রসারণ এবং ডিজিটাল বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।






