নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি নোবিপ্রবির ফার্মেসী বিভাগের অধ্যাপক এবং ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোবিপ্রবি আইন ২০০১ এর ১২(১) ধারা অনুযায়ী চার বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরে বিকেলেই তিনি ও নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর নিকট নবনিযুক্ত উপ-উপাচার্য যোগদান পত্র হস্তান্তর করেন।
উল্লেখ্য, শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিভাগে বি.ফার্ম (B.Pharm) এবং এম.ফার্ম (M.Pharm) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষা ও পিএইচডি (Ph.D.) ডিগ্রী সম্পন্ন করেন এবং জাপানের শিমানে বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ JSPS পোস্ট ডক্টরাল ফেলোশিপ (২০১৪-২০১৬) সম্পন্ন করেন। তাঁর প্রধান গবেষণার ক্ষেত্র হলো ফার্মাকোলজি (Pharmacology) এবং ফার্মাকোজেনেটিক্স (Pharmacogenetics) । তিনি মূলত বাংলাদেশের মানুষের অটিজম স্পেকটার্ম ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়া, ডায়াবেটিস, জরায়ুমুখের ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ফার্মাকোজেনোমিক্স নিয়ে কাজ করছেন।
অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের ২০০ টি গবেষণা প্রকাশনা আছে। যার মধ্যে ১৮৮ টি আন্তর্জাতিক জার্নালে। তিনি গবেষণার জন্য ইউজিসি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ৪০ টির ও বেশি আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। তাঁর গুগল স্কলার সাইটেশন সংখ্যা ৪ হজার ৩৭০।






