আন্তর্জাতিক একাডেমিক প্ল্যাটফর্ম ‘রিসার্চ ডটকম’-এর প্রকাশিত ২০২৫-২৬ সংস্করণের বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। রিসার্চ ডটকমের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের র্যাংকিংয়ে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। এইচ-ইন্ডেক্সের ওপর ভিত্তি করে এই র্যাংকিং প্রকাশ করা হয়েছে।
শেকৃবির এই অর্জনের পেছনে মূল ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক গবেষণা। সূচক অনুযায়ী, ৪ জন শীর্ষস্থানীয় স্কলার বা গবেষকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি থেকে মোট ৬৬০টি উচ্চমানসম্পন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যার সম্মিলিত এইচ-ইনডেক্স স্কোর দাঁড়িয়েছে ১৬৫।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, বর্তমান গ্লোবালাইজেশনের যুগে যেকোনো বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংটা অনেক বড় একটা প্রাপ্তি। একটা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি হচ্ছে, যখন সেই বিশ্ববিদ্যালয়টা আন্তর্জাতিক মানের কোনো র্যাংকিংয়ে ঢুকবে। যে প্রতিষ্ঠানগুলো র্যাংকিং দেয়, তাদের অনেক জায়গায় আমাদের ডাটা ইনক্লুড ছিল না। তবে এখন আন্তর্জাতিক ওয়েবসাইটগুলোতে আমাদের ডাটা ইনক্লুড হওয়ায় ভবিষ্যতে আমরা আশা করি আরো অনেক জায়গায় ভালো ভালো র্যাংকিংয়ে আসবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘আমি সেই সব শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই সফলতা পেয়েছি। আশা করি, আগামী দিনে র্যাংকিংয়ে আরো অনেক ভালো জায়গায় অবস্থান করব।’
প্রসঙ্গত, শিক্ষা ও গবেষণাভিত্তিক এই ওয়েবসাইটটি এবার তৃতীয়বারের মতো তাদের বৈশ্বিক ও আঞ্চলিক র্যাংকিং প্রকাশ করেছে।






