• ই-পেপার

স্বামী-স্ত্রীর প্রতি ১০টি বিশেষ পরামর্শ

হাদিসের বাণী

কেয়ামতের আগে যখন আমনতদার খুঁজে পাওয়া যাবে না

ইসলামী জীবন ডেস্ক
কেয়ামতের আগে যখন আমনতদার খুঁজে পাওয়া যাবে না

হুজাইফাতুল ইয়ামান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) আমাদের দুটি হাদিস বর্ণনা করেছেন। তার একটির নিদর্শন আমি দেখেছি, আর অপরটির জন্য অপেক্ষা করছি। মহানবী (সা.) আমাদের বলেছেন, নিশ্চয় আমানত মানুষের অন্তরের গভীরে নাজিল হয়েছে। এরপরে মানুষের ওপর কোরআন নাজিল হয়েছে। মানুষ কোরআন-হাদিস থেকে জ্ঞান অর্জন করেছে। এরপরে মহানবী (সা.) আমাদের আমানতের ব্যাপারে বললেন, একজন মানুষ ঘুমাবে, তখন তার অন্তর থেকে আমানতকে তুলে নেওয়া হবে। তখন তার অন্তরে দাগ পড়ে যাবে। এরপরে আবার ঘুমাবে, তখন তার অন্তর থেকে আমানত উঠিয়ে নেওয়া হবে। তখন তার অন্তরে একটি ফোসকা পড়ে যাবে-কোনো ব্যক্তি অঙ্গারকে পা দিয়ে পিষলে যেমন পড়ে, তেমন। তুমি তাতে পানি আছে মনে করবে, কিন্তু আসলে তার মধ্যে কোনো কিছুই নেই। তারপর মহানবী (সা.) একটি পাথরের টুকরো নিয়ে পায়ে ঘষা দিয়ে দেখালেন। তিনি বললেন, তখন মানুষ বেচাকেনা করবে, কিন্তু তেমন কাউকে আমানতদার পাওয়া যাবে না। সবাই বলাবলি করবে যে, অমুক গোত্রে একজন আমানতদার লোক আছে। তখন তার ব্যাপারে বলা হবে, কত উত্তম, ভালো, সম্মানিত ব্যক্তি! কিন্তু তার অন্তরে সরিষার দানা পরিমাণও ইমান অবশিষ্ট থাকবে না।

হুজাইফা (রা.) বলেন, আমি এমন যুগে ছিলাম, যখন এটা পরওয়া করতাম না যে, আমি কার সাথে লেনদেন করছি। কারণ, তখন সে মুসলমান হয়ে থাকলে তার দ্বীন আমাকে তার খিয়ানতি থেকে বিরত রেখেছিল। আর সে ইয়াহুদি ও খ্রিষ্টান হয়ে থাকলে, শাসক আমার অধিকার ফিরিয়ে দেবে (এই বিশ্বাষ ছিল)। কিন্তু বর্তমানে আমি অমুক-অমুক ব্যক্তি ছাড়া তোমাদের কারো সাথে বেচাকেনা করতে পারব না।' (সহিহ বুখারি, হাদিস নং : ৬৪৯৭, সহিহ মুসলিম, হাদিস নং : ৩৬৭, মুসনাদে আহমাদ, হাদিস নং : ২৩২৫৫)

শিক্ষা ও বিধান 

১. আমানত শুধু কারো জিনিস গচ্ছিত রাখা নয়; বরং দায়িত্ব, কর্তব্য, প্রতিশ্রুতি, অধিকার ও বিশ্বাস রক্ষা করাও আমানতের অন্তর্ভুক্ত।

২. গুনাহ ও অবহেলার কারণে আমানত ধীরে ধীরে উঠে যায়। একবারে নয়, ধাপে ধাপে মানুষের অন্তর থেকে আমানত ও ঈমানের প্রভাব কমে যায়।

৩. আমানত উঠে যাওয়ার পর যে দাগ ও ফোসকার কথা বলা হয়েছে, তা অন্তরের কঠোরতা ও নৈতিক অবক্ষয়ের প্রতীক। বাহ্যিকভাবে মানুষ ভালো মনে হলেও অন্তর শূন্য হয়ে যেতে পারে।

৪. কিয়ামতের আগে আমানতদার লোক বিরল হয়ে যাবে। এমন সময় আসবে যখন একজন সৎ ও বিশ্বস্ত মানুষকে খুঁজে পাওয়া কঠিন হবে।

৫. আল্লাহর কাছে মূল বিষয় হলো অন্তরের ঈমান ও তাকওয়া। তাই বাহ্যিক চাকচিক্য দেখে মানুষকে বিচার করা উচিত নয়।

৬. প্রকৃত মুমিন সেই, যার হাতে ও জিম্মায় মানুষ নিরাপদ থাকে। তাই মুমিনের অন্যতম শ্রেষ্ঠ গুণ হলো আমানতদারিতা।

৭. একজন মুসলমানের পরিচয় তার নাম বা পরিচয়ে নয়; বরং তার সততা ও আমানতদারিতায়। ব্যবসা-বাণিজ্যে প্রতারণা, মিথ্যা ও খিয়ানত ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর।

সুতরাং যখন মানুষের অন্তর থেকে আমানতদারিতা চলে যায়, তখন সমাজে প্রতারণা, অবিশ্বাস ও নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ে। তাই একজন মুসলমানের কর্তব্য হলো নিজের ঈমান, সততা, দায়িত্ববোধ ও আমানতদারিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা।

মসজিদে বসে থাকলেও সওয়াব লাভ হয়

মুফতি ওমর বিন নাছির
মসজিদে বসে থাকলেও সওয়াব লাভ হয়
সংগৃহীত ছবি

মসজিদ মুসলমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি শুধু নামাজ আদায়ের স্থান নয়; বরং ঈমান, ইবাদত, জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি ও আল্লাহর স্মরণে নিমগ্ন থাকার এক পবিত্র পরিবেশ। অনেকেই মনে করেন, মসজিদে যাওয়ার মূল উদ্দেশ্য শুধু নামাজ আদায় করা। তাই নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা মসজিদ ত্যাগ করেন। অথচ ইসলামের শিক্ষা হলো, মসজিদে অবস্থান করা, আল্লাহর জিকিরে মশগুল থাকা এবং এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় বসে থাকাও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এমনকি একজন মুমিন মসজিদে বসে থাকলেও আল্লাহর বিশেষ রহমত, ফেরেশতাদের দোয়া এবং অসংখ্য সওয়াব লাভ করতে পারেন। মহানবী (সা.)-এর বহু হাদিসে এ বিষয়ে সুসংবাদ বর্ণিত হয়েছে।

মসজিদে অবস্থানকারীর প্রতি আল্লাহর বিশেষ সন্তুষ্টি
মসজিদে অবস্থান করা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয় একটি আমল। যে ব্যক্তি সালাত, জিকির ও ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করে, তার প্রতি আল্লাহ বিশেষ অনুগ্রহ ও সন্তুষ্টি প্রকাশ করেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘কোনো মুসলিম যতক্ষণ মসজিদে সালাত ও জিকিরে রত থাকে, ততক্ষণ আল্লাহ তার প্রতি এতটা আনন্দিত হন, প্রবাসী ব্যক্তি তার পরিবারে ফিরে এলে তারা তাকে পেয়ে যেরূপ আনন্দিত হয়।’ (ইবনে মাজাহ, হাদিস : ৮০০)

এভাবে মসজিদে অবস্থানকারী ব্যক্তি আল্লাহর বিশেষ ভালোবাসা ও সন্তুষ্টির পাত্র হয়ে যান। একজন প্রবাসী দীর্ঘদিন পর যখন আপনজনদের কাছে ফিরে আসে, তখন পরিবারের সদস্যরা যে আনন্দ অনুভব করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির তুলনা তার সঙ্গে করা হয়েছে। এটি মসজিদে অবস্থানের মর্যাদা ও ফজিলতের এক অপূর্ব দৃষ্টান্ত।

মসজিদে বসে থাকলে ফেরেশতাদের দোয়া লাভ
মসজিদে অবস্থানকারীর জন্য আরেকটি মহান সুসংবাদ হলো—ফেরেশতারা তার জন্য ক্ষমা ও রহমতের দোয়া করতে থাকেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেন, ‘তোমাদের কেউ যতক্ষণ তার সালাতের স্থানে থাকে, তার অজু ভঙ্গ না হওয়া পর্যন্ত তার জন্য ফেরেশতারা এই বলে দোয়া করে, ‘হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন। হে আল্লাহ! আপনি তাকে রহম করুন।’ আর তোমাদের মধ্যে যে ব্যক্তির সালাত তাকে বাড়ি ফিরে যাওয়া থেকে বিরত রাখে, সে সালাতরত আছে বলে পরিগণিত হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৫৯)

এ হাদিস থেকে জানা যায়, ফরজ সালাতের পর কিংবা পরবর্তী সালাতের অপেক্ষায় মসজিদে বসে থাকা ব্যক্তি যেন ইবাদতের মধ্যেই অবস্থান করছেন। শুধু তাই নয়, আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা তার জন্য অবিরাম ক্ষমা ও রহমতের আবেদন করতে থাকেন। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে!

এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষার বিশেষ মর্যাদা
ইসলামে এক ফরজ সালাত আদায়ের পর পরবর্তী ফরজ সালাতের অপেক্ষা করাও অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল। এটি মানুষের হৃদয়ে মসজিদের প্রতি ভালোবাসা এবং আল্লাহর ইবাদতের প্রতি গভীর আগ্রহের পরিচয় বহন করে। আবদুর রহমান ইবনে আমর (রা.) বর্ণনা করেন, একদিন আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করলাম। এরপর কেউ চলে গেল, কেউ থেকে গেল। কিছুক্ষণ পর মহানবী (সা.) দ্রুতবেগে এসে বসলেন এবং বললেন, ‘তোমরা সুসংবাদ গ্রহণ করো। তোমাদের রব আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতাদের কাছে তোমাদের সম্পর্কে গর্ব করে বলছেন, ‘তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখ, তারা এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ের জন্য অপেক্ষা করছে।’(ইবনে মাজাহ, হাদিস : ৮০১)

কত বড় সম্মানের বিষয়! আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদের সামনে এমন বান্দাদের প্রশংসা করছেন, যারা মসজিদে অবস্থান করে পরবর্তী নামাজের অপেক্ষা করছে। এটি প্রমাণ করে যে, মসজিদের সঙ্গে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলা এবং ইবাদতের পরিবেশে সময় কাটানো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়।

মসজিদে সময় কাটানোর কিছু আমল
কোরআন তিলাওয়াত করা, আল্লাহর জিকির ও তাসবিহ পাঠ করা, দরুদ শরিফ পাঠ করা, দোয়া ও ইস্তিগফারে মশগুল থাকা, ইসলামি জ্ঞান অর্জন করা, নফল নামাজ আদায় করা, আত্মসমালোচনা ও তাওবা করা ইত্যাদি। এসব আমল মসজিদে কাটানো সময়কে আরো অর্থবহ ও বরকতময় করে তোলে।

সুতরাং মসজিদ হলো মুমিনের আত্মিক প্রশান্তি, ঈমানি শক্তি ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। তাই নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ ত্যাগ না করে কিছু সময় আল্লাহর জিকির, কোরআন তিলাওয়াত, দোয়া ও ইবাদতে ব্যয় করা উচিত। মসজিদে অবস্থানকারী বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন, ফেরেশতারা তার জন্য ক্ষমা ও রহমতের দোয়া করেন এবং সে ব্যক্তি এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষার মাধ্যমে বিশেষ মর্যাদা লাভ করে। সুতরাং আমাদের উচিত মসজিদের সঙ্গে হৃদয়ের সম্পর্ক আরো গভীর করা এবং এই মহৎ আমলের মাধ্যমে আল্লাহর অশেষ রহমত ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।

রিজিক পেয়েও তকদিরের প্রতি সন্তুষ্ট না হওয়ার পরিণতি

ইসলামী জীবন ডেস্ক
রিজিক পেয়েও তকদিরের প্রতি সন্তুষ্ট না হওয়ার পরিণতি
সংগৃহীত ছবি

তকদির অনুযায়ী যখন কোনো কিছু সংঘটিত হয়, তখন তাকে বলা হয় তকদিরের ফয়সালা। তকদিরের ফয়সালার প্রতি সন্তুষ্টি প্রকাশ করাকে শরয়ি ভাষায় ‘রিজা’ বলে। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা ঈমানের অপরিহার্য দাবি। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার অর্থ হলো মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত তকদিরের ব্যাপারে অন্তরকে প্রশান্ত রাখা, প্রফুল্লচিত্ত থাকা এবং মানসিকভাবে ব্যথিত না হওয়া। যদিও আপতিত বিপদকে সে অপছন্দ করে।

এই বিশ্বাস রাখা যে আল্লাহ আমাদের ভাগ্যে যা কিছু নির্ধারণ করেছেন, সেটা ভালো হোক বা মন্দ হোক, পছন্দনীয় হোক বা অপছন্দনীয় হোক, সে ব্যাপারে মনের মধ্যে কোনো অভিযোগ না রাখা এবং অস্থির না হয়ে সেটাকে নির্দ্বিধায় ও প্রশান্তচিত্তে মেনে নেওয়া।

আর এটা বিশ্বাস করা যে আমাদের সার্বিক জীবনে আগত আনন্দ-বেদনা, রোগ-শোক, বিপদাপদ এবং আল্লাহর আদেশ-নিষেধ সবকিছুই আল্লাহর পূর্বনির্ধারিত তাকদিরের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের দিন-দুনিয়ার জীবনে আল্লাহর সিদ্ধান্তই আমাদের জন্য সর্বাধিক কল্যাণকর ও ইনসাফপূর্ণ। একই কথা রিজিকের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ বান্দাদের জন্য রিজিক বণ্টন করে থাকেন। মানুষ আল্লাহ প্রদত্ত রিজিকের প্রতি সন্তুষ্ট থাকলে তার জীবিকায় বরকত লাভ হয়। 

পক্ষান্তরে ওই রিজিকের ওপর সন্তুষ্ট না হলে জীবিকার বরকত চলে যায়। রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ বান্দাকে প্রদত্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন, তাতে যদি সে সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাতে বরকত দান করেন এবং তা বৃদ্ধি করে দেন। আর যদি সন্তুষ্ট না থাকে, তাহলে তাতে বরকত দেন না। (মুসনাদ আহমাদ, হাদিস : ২০২৭৯; সহিহুল জামে, হাদিস : ১৮৬৯)
মহান আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় শোকরগুজার বান্দা হিসেবে থাকার তাওফিক দান করুন। আমিন।
 

আজকের নামাজের সময়সূচি, ৯ জুন ২০২৬

অনলাইন ডেস্ক
আজকের নামাজের সময়সূচি, ৯ জুন ২০২৬

আজ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২২ জিলহজ ১৪৪৭।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের সময় শুরু ১২টা ০১ মিনিটে।

আসরের সময় শুরু ৪টা ৩৭ মিনিটে।

মাগরিব ৬টা ৪৯ মিনিটে।

এশার সময় শুরু ৮টা ১৫ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৩টা ৪৬ মিনিটে 

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১১ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।