• ই-পেপার

টিভিতে

আর বাকি ১ দিন

বাংলাদেশে বিশ্বকাপের অফিশিয়াল হোম ‘টি স্পোর্টস’

বাংলাদেশে বিশ্বকাপের অফিশিয়াল হোম ‘টি স্পোর্টস’

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আনন্দের খবর নিয়ে এলো টি স্পোর্টস। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ক্রীড়াভিত্তিক চ্যানেলটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারই প্রথম রেকর্ড ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ বিশ্বকাপ। আর এই মহাযজ্ঞের প্রতিটি মুহূর্ত দর্শকদের সামনে নিখুঁতভাবে তুলে ধরবে টি স্পোর্টস।

ম্যাচের সরাসরি সম্প্রচার, বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে শুরু করে এক্সক্লুসিভ ফিচার, হাইলাইটস এবং বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টি স্পোর্টস দর্শকদের জন্য এক পূর্ণাঙ্গ বিশ্বকাপ অভিজ্ঞতার আয়োজন করবে, যা ভক্তদের মাঠের উত্তেজনার একদম কাছাকাছি নিয়ে যাবে। এ নিয়ে টি স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক বলেন, ‘ফিফা বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি একটি সাংস্কৃতিক উৎসব, যা সব সীমানা ছাড়িয়ে বিভিন্ন প্রজন্ম ও সম্প্রদায়ের মানুষকে এক সুতায় গাঁথে। বাংলাদেশের কোটি কোটি আবেগী ফুটবল ভক্তের কাছে পৃথিবীর সবচেয়ে বড় এই আয়োজন নিয়ে সম্প্রচার করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি।’ নিজের ভাবনার কথা জানিয়েছেন টি স্পোর্টসের চেয়ারম্যান সাফওয়ান সোবহানও, ‘বিশ্বমানের খেলাগুলোকে বাংলাদেশি দর্শকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই টি স্পোর্টসের মূল লক্ষ্য। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় উৎসব ফিফা বিশ্বকাপকে দেশের প্রতিটি ফুটবল ভক্তের কাছে সহজলভ্য করতে পেরে আমরা আনন্দিত।’ 

 

ওলিসের হ্যাটট্রিক

ওলিসের হ্যাটট্রিক

জয়ের দুর্দান্ত সুখস্মৃতি সঙ্গী করে বিশ্বকাপগামী বিমানে উঠেছে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। লিলেতে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দিদিয়ের দেশমের দল ৩-১ ব্যবধানে হারিয়েছে নর্দান আয়ারল্যান্ডকে। ফ্রান্সের হয়ে তিনটি গোল একা করেছেন মাইকেল ওলিসে। প্রথমার্ধের শেষ দিকে লক্ষ্যভেদের পর দ্বিতীয়ার্ধে আরো দুইবার বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন ওলিসে। রয়টার্স

 

জয়ে প্রস্তুতি স্পেনের

জয়ে প্রস্তুতি স্পেনের

বিশ্বকাপের প্রস্তুতিটা একেবারে খারাপ হয়নি ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের। লামিন ইয়ামালসহ বেশ কয়েকজন তারকাকে ছাড়াই স্প্যানিয়ার্ডরা ৩-১ গোলে হারিয়েছে লাতিন আমেরিকান প্রতিপক্ষ পেরুকে। খেলার শুরুতে মাইকেল ওয়ারজাবাল, এরপর পেদ্রি এবং একটি আত্মঘাতী গোলে ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন। পরে একটি গোল শোধ দেয় পেরু। রয়টার্স

 

তামিম নিজের দায়িত্বে রাখলেন দুই কমিটি

তামিম নিজের দায়িত্বে রাখলেন দুই কমিটি

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের দ্বিতীয় বৈঠক ছিল গতকাল। সেখানে স্ট্যান্ডিং কমিটি অুনমোদন করার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছে সভাপতি তামিম ইকবালের বোর্ড। সাবেক এই অধিনায়ক নিজের দায়িত্বে রেখেছেন দুটি কমিটি। একটি ওয়ার্কিং এবং অন্যটি ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট। তবে গুরুত্বপূর্ণ ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব এখনো কাউকেই দেননি তিনি।

বিপিএল ও গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান হয়েছেন সহসভাপতি ফাহিম সিনহা। এ ছাড়া গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু, গ্রাউন্ডস কমিটিতে শানিয়ান তানিম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং মিডিয়া বিভাগের চেয়ারম্যান হয়েছেন আসিফ রাব্বানী। তবে ২৫ জন বোর্ড পরিচালকের মধ্যে কোনো বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পাননি ছয়জন—সাকিফ সালাম, সুমিত ইসলাম শান্তনু, মিজানুর রহমান, মির্জা ফয়সাল আমিন, শফিকুল আলম এবং সরফরাজ আহমেদ।

এর পাশাপাশি পরিচালক পদ থেকে সরে দাঁড়াতে চিঠি জমা দেওয়া মীর শাকরুল আলমের পদত্যাগপত্র গৃহীত হয়েছে গতকালের বৈঠকে। ক্রিকেটারদের জন্য একটি টিম বাস কেনার প্রস্তাব যেমন পাস হয়েছে, তেমনি মিরপুর স্টেডিয়ামের দুটি  ড্রেসিং রুমে আরো উন্নয়নমূলক কাজ করা হবে বলে বিসিবি এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে।

তবে কমিটি ভাগাভাগি নিয়ে পরিচালকদের মধ্যে মনোমালিন্যের কথাও গোপন থাকেনি। জানা গেছে, এত সিদ্ধান্ত নেওয়া বৈঠকটি মাত্র এক ঘণ্টার আলোচনায় শেষ হয়, যেখানে সভাপতি তামিম নিজেই লিখে নিয়ে আসেন, কাকে কোন বিভাগের  চেয়ারম্যানের পদ দেবেন। ক্লাব সংগঠকরাও আশা করেছিলেন, ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হওয়া দক্ষ কোনো সংগঠককে সিসিডিএমের চেয়ারম্যান করা হবে। কিন্তু এই বিভাগের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কোটা থেকে পরিচালক হওয়া মঈনুদ্দিন চৌধুরী। যদিও ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটির দায়িত্ব পাওয়া আব্দুল্লাহ আল ফুয়াদের দাবি, ‘সভাপতি তামিম আমাদের সঙ্গে আলোচনা করেই স্ট্যান্ডিং কমিটি দিয়েছেন। এতে কেউ অখুশি হননি। কারো মন খারাপ করার সুযোগ নেই।’