• ই-পেপার

বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’

পুরো চার্জে ৬ ঘণ্টা মাঠে গড়াবে ফুটবল

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

যথাযোগ্য মর্যাদায় আজ বুধবার বাংলাদেশে পালিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতিবছর ২৯ মে দিবসটি পালিত হলেও এবার ঈদের ছুটি থাকায় দেশে আজ এই দিবস পালিত হতে যাচ্ছে। দিবসটি উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। সাকাল সাড়ে ৯টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার তাঁর বাণীতে বলেছেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত  সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সাহসী শান্তিরক্ষী আত্মত্যাগ করেছেন তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে মর্যাদাপূর্ণ স্থান অক্ষুণ্ন রেখে আসছে। জাতিসংঘের তথ্য অনুসারে, বাংলাদেশ এ ক্ষেত্রে ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত প্রথম স্থানে ছিল। এর আগেও কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে ছিল। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের বহু গৌরবময় অধ্যায়ের অংশ বাংলাদশের শান্তিরক্ষীরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৮৮ সালে ইরাক-ইরানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশ নেওয়া শুরু। এরপর ৩৮ বছরে বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বাস্তবায়নের এক গর্বিত অংশীদারে পরিণত হয়েছে।

জানা যায়, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী এই মিশনে দায়িত্ব পালন করছে ১৯৯৩ সাল থেকে। বাংলাদেশের পুলিশ সদস্যরা এই মিশনে অংশ নিচ্ছেন ১৯৮৯ সাল থেকে। ওই বছর নামিবিয়া মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ পরিবারের সদস্য হয়। সেই থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের এক হাজার ৯২৮ জন নারী সদস্যসহ মোট ২১ হাজার ৮২৮ জন সদস্য ২৫টি দেশের ২৭টি শান্তি রক্ষা মিশনের দায়িত্ব পালন করেছেন।

আইএসপিআর জানায়, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে ৬৩টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। এসব মিশনে মোট দুই লাখ ছয় হাজার ৪৭৬ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করেন। এর মধ্যে নারী শান্তিরক্ষী তিন হাজার ৬৪৫ জন। সেনাবাহিনী থেকে দায়িত্ব পালন করেছেন এক লাখ ৬২ হাজার ৩৫ জন। বর্তমানে জাতিসংঘের ৯টি শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের চার হাজার ৪১২ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন।

শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের ১৭৫ জন শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ১৩৮ জন, নৌবাহিনীর চারজন, বিমানবাহিনীর ৯ জন এবং পুলিশের ২৪ জন। আহত হয়েছেন মোট ২৮৭ জন।

আরো ৭ জেলায় ৫ খুন ৩ মরদেহ উদ্ধার

শেরপুর ও গফরগাঁওয়ে দুই কলেজছাত্র হত্যা

কালের কণ্ঠ ডেস্ক
শেরপুর ও গফরগাঁওয়ে দুই কলেজছাত্র হত্যা

শেরপুর ও গফরগাঁওয়ে দুই শিক্ষার্থী খুন হয়েছে। তা ছাড়া কিশোরগঞ্জে ব্যবসায়ী, লালমনিরহাটে কিশোর, যশোরে প্রতিবাদী নানা, নেত্রকোনায় মা, ঝিনাইদহে চাচাকে হত্যা করা হয়েছে। তা ছাড়া গলাচিপায় শিশু ও কিশোরী এবং চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার হয়েছে। কালের কণ্ঠের প্রতিনিধিদের পাঠানো খবর :

শেরপুরে কিশোর গ্যাংয়ের হামলায় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আল মুহতাছিম সায়িফ (১৭) নিহত হয়েছে। সে শহরের দমদমা কালীগঞ্জ মহল্লার মালেক মিয়ার একমাত্র সন্তান।

গত ২৯ মে হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং জড়িতদের প্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

 

গফরগাঁওয়ে কলেজছাত্র খুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মদিন উদযাপন শেষে বাড়ি ফেরার পথে সোমবার রাতে পৌর শহরের মাজারবাড়ী রোড এলাকায় কলেজছাত্র রবিন (২৪) খুন হয়েছেন। একই ঘটনায় তাঁর বন্ধু মাসুম (২৪) আহত হয়েছেন। এ ঘটনায় রাজীব নামের একজনকে অস্ত্র, মাদকসহ আটক করা হয়েছে।

 

হোসেনপুরে ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরের পুমদি ইউনিয়নের ডাহোড়া এলাকায় ছিনতাইকারীদের হামলায় রনি (২৮) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন আহত এবং একজন নিখোঁজ রয়েছেন।

 

লালমনিরহাটে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

লালমনিরহাটের আদিতমারীতে সোমবার রাতে লিয়াকত আলী লাদেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গতকাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে।

যশোরে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় নানা খুন : যশোরে নাতনিকে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় সোমবার রাতে ইমামুল হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নেত্রকোনায় শাবলের আঘাতে মায়ের মৃত্যু : নেত্রকোনায় শাবলের আঘাতে গতকাল আবুনি রাজভর নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে শ্যামল রাজভরকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহে ভাতিজার সঙ্গে সংঘর্ষে চাচার মৃত্যু : ঝিনাইদহের কালীগঞ্জে টাকা লেনদেনকে কেন্দ্র করে গতকাল ভাতিজার হামলায় নিয়ামত আলী নিহত হয়েছেন।

গলাচিপায় শিশু ও কিশোরীর মরদেহ উদ্ধার : পটুয়াখালীর গলাচিপায় পৃথক ঘটনায় শিশু মাঈনুল এবং কিশোরী লামিয়া আক্তার সুমাইয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ডোবা থেকে শিশুটির এবং একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে নারীর মরদেহ উদ্ধার : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেললাইনের পাশ থেকে গতকাল অজ্ঞাতপরিচয় এক নারীর  বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

ড. ইউনূসের বিচার দাবিতে কারামুক্ত ৬১ আইনজীবীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
ড. ইউনূসের বিচার দাবিতে কারামুক্ত ৬১ আইনজীবীর মানববন্ধন
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার চেয়ে মানববন্ধন করেছেন কারামুক্ত ৬১ আইনজীবী। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন। ছবি : কালের কণ্ঠ

বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ  ইউনূসের বিচার চেয়ে মানববন্ধন করেছেন কারামুক্ত ৬১ আইনজীবী। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন। এ সময় এই আইনজীবীরা ড. ইউনূসের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখিত বক্তব্য দেন। এ সময় তিনি আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, আদালতে  মামলা পরিচালনা করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান। বিগত সরকারের সময় কারাগারে থাকা আইনজীবীদের মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।

এ বিষয়ে কারামুক্ত আরেক আইনজীবী ওবায়দুল ইসলাম জানান, গত বছরের ৬ এপ্রিল ৎ্াঁদের কারাগারে পাঠানো হয়। দুই মাস পর ৬ জুন তাঁরা মুক্ত হন। ওই দিনটিকে তাঁরা আইনজীবী কারামুক্তি দিবস হিসেবে দেখেন।

আইনজীবী ওবায়দুল ইসলাম জানান, চলতি বছর ৬ জুন দিবসটি পালনের পরিকল্পনা থাকলেও সেটি হয়ে ওঠেনি অন্য একটি অনুষ্ঠানের কারণে। তাই এদিন (গতকাল) তাঁরা মানববন্ধনের মাধ্যমে কারামুক্তি দিবস পালন করেন।

কারামুক্ত আরেক আইনজীবী লিটন মিয়া বলেন, গত বছরের ৬ এপ্রিল ৬১ জন আইনজীবীকে বিনা অপরাধে কারাগারে পাঠান ড. ইউনূস। ৬ জুন আমরা কারামুক্ত হই। দিনটিকে স্মরণে রাখতে কারামুক্তি দিবস পালন করছি। বেআইনিভাবে আইনজীবীদের কারাগারে পাঠানোয় ড. ইউনূসের বিচার দাবি করছি।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।

রামিসা হত্যা-ধর্ষণ

সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক
সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স হাইকোর্টে
রামিসা

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে এসেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে হাইকোর্টের আদান-প্রদান শাখার কর্মকর্তারা ডেথ রেফারেন্স গ্রহণ করেন বলে সাংবাদিকদের জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ডেথ রেফারেন্সটি হাইকোর্টের আদান-প্রদান শাখা গ্রহণ করেছে। এখান থেকে ডেথ রেফারেন্সটি সংশ্লিষ্ট শাখায় যাবে। আমি সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের ফোনে বলেছি, যত দ্রুত সম্ভব মামলার পেপারবুক তৈরি করতে। পেপারবুক তৈরি হওয়া মাত্রই আমাদের (অ্যাটর্নি জেনারেল কার্যালয়) জানাবেন।

এর আগে মামলার পূর্ণাঙ্গ রায়, ডেথ রেফারেন্স ৭২ পৃষ্ঠার নথি উচ্চ আদালতে পাঠানোর নির্দেশ দেন  ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত। পরে তা হাইকোর্টে এসে পৌঁছে।

বিচারিক আদালত কোনো অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিলে, ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী সেই মৃত্যুদণ্ড কর্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে। অনুমোদনের এই প্রক্রিয়াটিকে বলে ডেথ রেফারেন্স। রায় ঘোষণার পর সংশ্লিষ্ট বিচারিক আদালত থেকে দ্রুত সময়ের মধ্যে রায়সহ মামলার যাবতীয় নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়। এর সঙ্গে যুক্ত হয় দণ্ডিত আসামি বা আসামিদের আপিল। ডেথ রেফারেন্স ও আপিল ক্রমানুসারে সাজিয়ে বাঁধাই করা যে বই (ভলিউম) তৈরি করা হয়, সেটিকেই পেপারবুক বলে। হাইকোর্ট এই পেপারবুকের ভিত্তিতেই মামলা নিষ্পত্তি করে থাকেন।

এই মামলার শুনানি ও নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষের প্রস্তুতি তুলে ধরে প্রধান আইন কর্মকর্তা বলেন, আমি আশা করছি, আগামী দুই কর্মদিবসের মধ্যে পেপারবুকের কাজ সম্পন্ন হবে। পেপারবুকের কাজ সম্পন্ন হলে আগামী রবিবার থেকে যে নতুন বেঞ্চ (নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির জন্য) হবে, সেই বেঞ্চে শুরুর দিকেই হয়তো আমরা এই মামলাটি শুনানির জন্য তালিকায় আনতে পারব। আমি চাই, এ রকম একটি নির্মম হত্যাকাণ্ডের যে রায় নিম্ন আদালত কর্তৃক ঘোষিত হয়েছে, মানুষের প্রত্যাশা এই রায়টি বাস্তবায়িত হোক। বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে রেফারেন্স হিসেবে যে নথি এসেছে (হাইকোর্টে), সেটির শুনানি করা, নিষ্পন্ন করা। তা ছাড়া আসামিরা যদি জেল আপিল করেন, সেটিও আমাদের বিবেচনায় রাখতে হবে। তাঁদেরও আইনগত সুযোগ দিতে হবে। আমরা মনে করি যত দ্রুত সম্ভব মামলাটির আপিল শুনানি ও নিষ্পত্তি করার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মামলার শুনানি ও নিষ্পত্তির ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে কোনো মুলতবি চাওয়া হবে না বলেও জানান রুহুল কুদ্দুস কাজল। 

গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর  হত্যার ঘটনা ঘটে। ওই দিনই ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। গত ২০ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা ও স্বপ্না আক্তার। ১ জুন তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। গত ৭ জুন মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড দেওয়া হয়। চাঞ্চল্যকর এই মামলার রায়ের পর ওই দিন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করে দেবেন। আগামী রবিবার থেকে এই বেঞ্চে বিচারকাজ শুরু হবে।